‘ম্যাপ মেকার টুল’ বন্ধ করছে গুগল
মঙ্গলবার থেকে ‘ম্যাপ মেকার টুল’ বন্ধ করে দিয়েছে ওয়েব জায়ান্ট গুগল। ব্যবহারকারীরা স্বেচ্ছায় গুগল ম্যাপে ‘কমিউনিটি ল্যান্ডমার্ক’ ও সহায়ক টিপস যোগ করতে ওই টুলটি ব্যবহার করতেন। কিন্তু এর সুযোগ নিয়ে ব্যবহারকারীদের বিভিন্ন ‘সাইবার রসিকতা’র কারণে সৃষ্ট বিব্রতকর পরিস্থিতির শিকার হয়ে টুলটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গুগল।
এক প্রতিবেদনে সিএনএন-এর প্রযুক্তিবিষয়ক পেইজ জানিয়েছে, ম্যাপ মেকার টুল বন্ধের প্রধান কারণ হচ্ছে এর মাধ্যমে মাত্রাতিরিক্ত ‘সাইবার রসিকতা’ করছিলেন টুলটির ব্যবহারকারীরা। সর্বশেষ ম্যাপে টুলটির মাধ্যমে পাকিস্তানের ব্যবহারকারীদের পোস্ট করা ভুয়া পার্কে ‘অ্যাপল লোগোর উপর অ্যান্ড্রয়েড রোবটের মূত্র বিসর্জনের’ ঘটনায় বিব্রতকর অবস্থায় পড়ে গুগল।
ওই ঘটনার পর ম্যাপে ব্যবহারকারীরদের প্রতিটি সম্পাদনার পর্যালোচনা শুরু করে গুগল প্রকৌশলীরা। কিন্তু টুলটির মাধ্যমে ব্যবহারকারীদের সম্পাদনার সংখ্যা এতই বেশি যে, সবগুলো পর্যবেক্ষণ করতে পারছে না গুগল। আর তাই ম্যাপ মেকার টুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গুগল ম্যাপস দলের সদস্য পাভিত্রা কানাকারাজান।
ম্যাপ মেকার টুলটি বন্ধ করে দেওয়া প্রসঙ্গে শুক্রবার এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটির কানাকারাজান বলেন, “যত এডিট তৈরি হচ্ছে সবগুলোকেই সরাসরি একটি ‘ব্যাকলগে’ পাঠানো হচ্ছে, যা খুব দ্রুত বাড়ছে।”
