২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণদের জন্য বাংলালিংকের নতুন ক্যাম্পেইন

দেশের তরুণদের ইন্টারনেট ব্যবহারে আরও বেশি আগ্রহী করে তুলতে নতুন ক্যাম্পেইন শুরু করছে টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। সোমবার প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2015, 05:35 PM

Updated : 12 Oct 2022, 03:41 PM

এক সংবাদবিজ্ঞপ্তিতে বাংলালিংক জানিয়েছে, আইসিটি মন্ত্রণালয় অনুমোদিত এই ক্যাম্পেইনের আওতায় আগামী ৫ মাস বাংলালিংক দেশব্যাপী ২০০ বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে গিয়ে অ্যাক্টিভেশন কর্মসূচি পরিচালনা করবে।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্যাম্পাসে অ্যাক্টিভেশন কর্মসূচির অংশ হিসেবে প্রথমবারের মতো লিপ মোশন গেইমসহ বিশেষভাবে তৈরি কিছু গেইম উপস্থাপন করা হবে বলে জানিয়েছে বাংলালিংক। ক্যাম্পেইনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দেশের জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে গেইম খেলার সুযোগ পাবেন।

এই ক্যাম্পেইন প্রসঙ্গে বাংলালিংক সিইও জিয়াদ সাতারা বলেন, ‘‘যুগোপযোগী এ রকম একটি প্রকল্প হাতে নিতে পেরে আমরা সত্যিই আনন্দিত। বাংলালিংকের এই আয়োজন দেশের শিক্ষিত যুবসমাজকে ইন্টারনেট ব্যবহারে উৎসাহিত করবে এবং তথ্যপ্রযুক্তির অবারিত সম্ভাবনা উন্মোচন করতে পারবে বলে আমরা বিশ্বাস করি।”