২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭০ শতাংশই ব্যক্তিগত তথ্য দিতে রাজি

ব্যক্তিগত তথ্য দেওয়ার প্রশ্নে যুক্তরাজ্যের ৭০ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারীর কোনো আপত্তি নেই বলে জানিয়েছে দেশটির যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা অফকম জানিয়েছে। অফকমের সাম্প্রতিক এক জরিপ থেকে জানা গেছে এই তথ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2015, 05:47 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

ব্যক্তিগত তথ্য নিয়ে ৭০ শতাংশের কোন আপত্তি না থাকলেও নিজের ক্রেডিট কার্ড সংক্রান্ত তথ্য অনলাইনে শেয়ার করার ব্যাপারে আপত্তি আছে জরিপে অংশ নেওয়া ৫০ শতাংশ নাগরিকের।   

এক প্রতিবেদনে দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, প্রাপ্তবয়স্ক এক হাজার আটশ’ ৯০ জন ইন্টারনেট ব্যবহারকারীর উপর জরিপ চালিয়ে তথ্য সংগ্রহ করেছে অফকম।

অনলাইনে মোবাইল নাম্বার দিতে আপত্তি জানিয়েছে জরিপে অংশ নেয়া এক-চতুর্থাংশ ইন্টারনেট ব্যবহারকারী। কিন্তু অন্যান্য ব্যক্তিগত তথ্য অনলাইনে দেওয়ার ফলে কিছু ক্ষেত্রে উপকৃত হবেন বলে মনে করেন তারা।

জরিপের তথ্য অনুসারে, বিগত দশ বছরে যুক্তরাজ্যের নাগরিকদের সাপ্তাহিক ইন্টারনেট ব্যবহার গড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। এ ছাড়াও জরিপে অংশগ্রহণকারী ৬০ শতাংশ ব্যবহারকারী অনুপযুক্ত বা আক্রমণাত্মক কনটেন্টের হাত থেকে তাদেরকে রক্ষা করা উচিত বলে মনে করেন।

অন্যদিকে ইন্টারনেটে নিরাপত্তা, জালিয়াতি ও ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা প্রসঙ্গে প্রতি পাঁচ জন ব্যবহারকারীর একজন আশংকিত-- এমন তথ্যও উঠে এসেছে ওই জরিপে।    

জরিপে আরও জানা গেছে, ১৬ থেকে ২৪ বছর বয়সীদের ইন্টারনেট ব্যবহার বিগত দশ বছরে প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সালের হিসেব অনুসারে, ১৬-২৪ বছর বয়সীরা প্রতি সপ্তাহে ২৭ ঘন্টা ৩৬ মিনিট ইন্টারনেট ব্যবহার করে থাকেন।

এ ছাড়াও ৩৭ শতাংশ প্রাপ্তবয়স্ক জানিয়েছেন, তাদেরকে যদি ইলেকট্রনিক্স যন্ত্রাদি বাদ দিতে হয়, তাহলে তারা সবচেয়ে বেশি ‘টেলিভিশন’ যন্ত্রটির অভাব বোধ করবেন। অন্যদিকে একই প্রশ্নে ১৬-২৪ বছর বয়সী ৫৯ শতাংশ ব্যবহারকারী জানিয়েছেন, তারা সবচেয়ে বেশি অভাব বোধ করবেন স্মার্টফোনের।