২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মার্টফোন বাজারে আধিপত্য ফ্যাবলেটের

ফ্যাবলেট হিসেবে পরিচিত ৫.৫ ইঞ্চি বা এর চেয়ে বড় ডিসপ্লের স্মার্টফোনের জনপ্রিয়তা পশ্চিমা দেশগুলোতে লক্ষনীয় হারে বেড়েছে। কেবল মার্কিন যুক্তরাষ্ট্রেই চলতি বছরে ফ্যাবলেট প্রীতি বেড়েছে চার গুণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহরিয়ার হাসান পরশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2015, 05:44 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

গবেষক প্রতিষ্ঠান কান্টার ওয়ার্ল্ডপ্যানেল কমটেকের বরাত দিয়ে বিলেতি দৈনিক গার্ডিয়ান জানিয়েছে ২০১৫ সালের প্রথম প্রান্তিকে যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া স্মার্টফোনের মধ্যে ২১ শতাংশই ছিল ফ্যাবলেট। গেল বছরের একই সময়ে ফ্যাবলেট বিক্রির হার ছিল ৬ শতাংশ।

গার্ডিয়ানের ওই প্রতিবেদন অনুযায়ী, ফ্যাবলেটের প্রতি ক্রেতাদের এই ঝোঁকের সূত্রপাত মূলত তাইওয়ান এবং হংকং থেকে। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ফ্লারির দেওয়া তথ্য অনুযায়ী এই দুই দেশে কমপক্ষে ৫০ শতাংশ স্মার্টফোন ব্যবহারকারী ফ্যাবলেটের মালিক।

বাজারে শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানের প্রায় সবগুলোই এখন ফ্যাবলেট উৎপাদনের দিকে ঝুঁকেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে অ্যাপল, স্যামসাং, এলজি, মটরোলা, চাইনিজ ব্র্যান্ড জিয়াওমি ও হুয়াওয়েই নতুন মডেলের ফ্যাবলেট বাজারজাত করা শুরু করেছে।

সবচেয়ে বেশি সাড়া পেয়েছে অ্যাপলের আইফোন সিক্স প্লাস। বিশ্লেষকদের দেওয়া তথ্য অনুযায়ী, বছরের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি হওয়া ফ্যাবলেটের ৪৪ শতাংশই ছিল আইফোন সিক্স প্লাস।

বাজারের অভিষেকের সঙ্গে সঙ্গেই আইফোন সিক্স এবং সিক্স প্লাস ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয় বলে জানিয়েছেন কান্টার ওয়ার্ল্ডপ্যানেল কমটেকের প্রধান গবেষক ক্যারোলিনা মিনালেসি। ইউরোপ জুড়ে নতুন আইফোন ব্যবহারকারীদের মধ্যে ৩২.৪ শতাংশ অ্যান্ড্রয়েডচালিত ডিভাইস ত্যাগ করে আইওএস ডিভাইস ব্যবহার শুরু করেছে বলে জানিয়েছেন তিনি।