২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভাঁজ করে রাখা যাবে গাড়ি

সময়ের সঙ্গে উন্নত জীবনযাপনের জন্য বেড়েই চলেছে শহরের জনসংখ্যা। এর ফলে, দিন দিন বাড়ছে যানবাহনও। বাড়তি যানবাহনের চলাচল ও পার্কিংযের জন্য দেখা দিচ্ছে জায়গার অভাব। এ সংকট এড়াতে বিদ্যুৎচালিত ‘নমনীয়’ এক গাড়ি তৈরি করেছেন জার্মানির একদল প্রকৌশলী। হলিউডি সিনেমায় দেখা ‘ট্রান্সফরমার’ বা ‘ডিলরিয়ান টাইম মেশিন’ -এর মতো যখন তখন ভাঁজ হয়ে বা কাত হয়ে চলতে পারবে এ গাড়ি।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 04:39 PM

Updated : 25 Apr 2022, 01:21 PM

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, জার্মানির ডিএফকেআই রোবোটিকস ইনোভেশন সেন্টারের একদল বিজ্ঞানী ইও স্মার্ট কানেক্টিং কার ২ নামের এই ক্ষুদ্র গাড়ির নকশা উদ্ভাবন করেছেন। প্রায় তিন বছর গবেষণার পর এটি বানিয়েছেন তারা।

২০১২ সালে প্রথম এ গাড়ির বিষয়ে ঘোষণা করা হয়। প্রচলিত গাড়ির মতো চললেও, প্রতিটি চাকায় আলাদা মোটর থাকায় গাড়িটি কাত হয়ে চলতে পারে। সেই সঙ্গে আংশিকভাবে ভাঁজ করার সুবিধা থাকায় ছোট পার্কিংয়ের জায়গায়ও সহজেই পার্ক করা যাবে গাড়িটি—এমনটাই জানিয়েছেন এই গাড়ির প্রকল্প ব্যবস্থাপক টিমো বার্নসেইন।

তার মতে, “প্রচলিত গাড়ির অবস্থা থেকে কাত হয়ে চলার অবস্থায় আসতে গাড়িটি চার সেকেন্ডের মতো সময় নেবে।”

গাড়ির প্রোটোটাইপ মডেলটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬৫ কিলোমিটার। একটানা চার ঘণ্টায় পুরো চার্জ দিলে গাড়িটি ৫০ থেকে ৭০ কিলোমিটার চলতে পারবে। দুই সিটের এই গাড়িটিকে প্রায় দেড় মিটার সংকুচিত করা যায় বলে জানিয়েছেন বার্নসেইন।

তিনি বলেন, “এটি নিজের দৈর্ঘ্য প্রায় ৮০ সেন্টিমিটার কমিয়ে ফেলতে পারে, এর ফলে এটি একটি বাইকের মতোই ছোট হয়ে যায়। আর এ ধরনের ফিচার ব্যবহার করে আপনি অনেক ছোট জায়গায়ও এটি পার্ক করতে পারবেন।”

পরবর্তী সংস্করণটি আরও বেশি নির্ভরযোগ্য ও রাস্তায় চলাচলের জন্য উপযোগী হবে বলে আশা প্রকাশ করেছেন বার্নসেইন।