২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাকারদের কবলে স্মারক সাইট

দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক কনসানট্রেশন ক্যাম্পের স্মারক ওয়েবসাইট হ্যাক করে, তাতে শিশু নির্যাতনের ছবি আপলোড করে দিয়েছিল হ্যাকরারা। পরবর্তীতে সাইট পরিচালনাকারী প্রতিষ্ঠান হ্যাকিংয়ের বিষয়টি জানতে পেরে দ্রুত ওয়েবসাইটটিকে অফলাইন করে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2015, 04:45 PM

Updated : 22 Aug 2022, 12:14 PM

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, হ্যাকারার অস্ট্রিয়ায় অবস্থিত মাউথাউসেন কনসানট্রেশন ক্যাম্পের স্মারক ওয়েবসাইটটি হ্যাক করেছিল।

অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। অন্যদিকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী জোহানা মিক-লেইটনার এ সাইবার আক্রমণকে ‘অসুস্থ এবং অত্যন্ত ঘৃণিত একটি অপরাধ’ বলে মন্তব্য করেছেন।

বিবিসির তথ্য অনুসারে, সাইবার আক্রমণটির পেছনে অস্ট্রিয়ার উগ্র দক্ষিণপন্থীদের হাত থাকতে পারে বলে সন্দেহ করছেন অস্ট্রিয়ান কর্মকর্তারা। দেশটিতে বিগত কয়েক মাসে এই উগ্রপন্থীরা বেশ কিছু সংখ্যক ওয়েবসাইটে একই ধরনের আক্রমণ চালিয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে (১৯৩৮-১৯৪৫) ঠিক কত সংখ্যক মানুষকে এই মাউথাউসেন ক্যাম্পে হত্যা করা হয়েছিল, তার সঠিক হিসেবে এখন পর‌্যন্ত জানা যায়নি। আনুমানিক হিসেব অনুসারে, নাৎসি বাহিনী হাতে কনসানট্রেশন ক্যাম্পটিতে এক লাখেরও বেশি মানুষ মারা গেছেন।

১৯৪৫ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের সৈন্যবাহিনী ক্যাম্পটিকে মুক্ত করে।