২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল গেইমসে আনছে নিনটেনডো

অবশেষে মোবাইল গেইমসের জগতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপানিজ ভিডিও গেইমস ও কনসোল নির্মাতা প্রতিষ্ঠান ‘নিনটেনডো’। চলতি বছরেই বাজারে আসবে প্রতিষ্ঠানটির তৈরি প্রথম মোবাইল গেইম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইব মুহাম্মদ রিদোয়ান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2015, 04:38 PM

Updated : 22 Aug 2022, 12:14 PM

মোবাইল গেইমের বাজারে নিজেদের প্রথম গেইমটি মারিও, জেলডা বা স্টার ফক্সের মতো জনপ্রিয় কোনো ফ্রাঞ্চাইজের অংশ হবে নাকি একেবারেই নতুন কোনো গেইম হবে সে ব্যাপারে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।

নিনটেনডো ২০১৭ সালের মধ্যে পাঁচটি মোবাইল গেইম বাজারজাত করবে জানিয়েছে সিএনএন। এর কারণ হিসেবে নিনটেনডো সংখ্যার তুলনায় গুণগত মানেই বেশি জোর দিচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমটি।

মোবাইল গেইমসের বর্তমান বাজার অস্থিতিশীলতার মধ্যে দিয়ে যাচ্ছে বলে জানিয়েছে সিএনএন। দ্রুত পরিবর্তন আসছে ব্যবহারকারীদের পছন্দে, আগের দিনের ‘শীর্ষ গেইম’ পরের দিনেই সিংহাসন হারানোর ঘটনা ঘটছে অহরহ।

স্মার্টফোনভিত্তিক গেইমগুলোর নানা ত্রুটি ও তুমুল প্রতিদ্বন্দ্বীতার কারণে রোভিও আর জিংগার মতো গেইম নির্মাতাদেরও কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এমন অবস্থায় বাজারে নিজেদের আলাদা অবস্থান তৈরি করে লম্বা সময় ধরে রাখার জন্য গেইমগুলোর মান বাড়ানো প্রয়োজন বলে মনে করে নিনটেনডো।

“আমরা যদি কোনো ইতিবাচক ফলাফল অর্জনের লক্ষ্য নিয়ে কাজ না করি, তবে পুরো ব্যাপারটাই অর্থহীন হবে।”--বক্তব্য নিনটেনডোর।