অনলাইন গেইমে অবতারের মৃত্যুদণ্ড
অনলাইন ভিডিও গেইম গিল্ড ওয়ার ২-এ একজন গেইমার থার্ড পার্টি টুল ব্যবহার করায় তার গেইমিং অবতারকে নাটকীয়ভাবে শাস্তি দেয়া হয়েছে এবং সে সঙ্গে ওই গেইমারকে অনলাইন গেইমটি থেকেও বহিষ্কার করা হয়েছে।
এক প্রতিবেদনে বিলেতি দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, গিল্ড ওয়ার ২-এর অন্যান্য গেইমাররা ‘ডার্কসাইড’ নামের ওই গেইমারের বিরুদ্ধে অভিযোগ করার পর এই ব্যবস্থা নেয়া হয়। এ ছাড়া অনলাইন গেইমে থার্ড পার্টি টুলস ব্যবহার করার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকে।
নিষেধাজ্ঞা অমান্য করে গিল্ড ওয়ার ২-এর গেইমার ‘ডার্কসাইড’ বিভিন্ন থার্ড পার্টি টুলস ব্যবহার করছিলেন এবং শক্তিশালী বিভিন্ন গেইমিং চরিত্রকে হারিয়ে দেয়া থেকে শুরু করে একচেটিয়াভাবে অনলাইন গেইমটি খেলছিলেন। ফলে অন্যান্য গেইমাররা তার বিরুদ্ধে অভিযোগ করেন। এমনকি কিছু সংখ্যক গেইমার, ডার্কসাইডের এসব অপরাধের ভিডিও ধারণ করে তা প্রমাণ হিসেবে অনলাইন এ গেইমটির কর্তৃপক্ষের কাছে সেগুলো পাঠান বলেই জানিয়েছে গার্ডিয়ান।
অনলাইন গেইমিং জগতে ‘সুবিচার প্রতিষ্ঠা করতে’ ও এই দুষ্টের দমনে এগিয়ে আসেন গেইমটির একজন ডেভলপার ‘এরিনানেট’ এবং অনলাইন গেইমটির নিরাপত্তা প্রধান ক্রিস ক্লেভারি।
নিরাপত্তা প্রধান ক্লেভারি প্রথমেই ডার্কসাইডের গেইমিং অ্যাভাটারটির নিয়ন্ত্রন নিয়ে নেন। পরে অন্যান্য গেইমাররা দেখতে পান, ডার্কসাইডের অ্যাভাটার নিজের দামী সব বর্ম খুলে ফেলে দিচ্ছে এবং এক পর্যায়ে অ্যাভাটারটি একটি পাথুরে ব্রিজের শেষ প্রান্তে গিয়ে হাত নেড়ে সবাইকে বিদায় জানিয়ে লাফ দেয়। পরবর্তীতে গেইমার ‘ডার্কসাইড’-কেও গেইমটি থেকে ব্যান করে দেওয়া হয়।
এ প্রসঙ্গে গেইমটির অনলাইন ফোরামে গেইমারদের সঙ্গে কথপোকথনের এক পর্যায়ে ক্লেভারি বলেন, “আমাদেরকে একাজের জন্য গেইম খেলা দেখতে হয় না। কে এ ধরনের কাজ করছে তা বের করতে শুধু ভালো একটি ভিডিও প্রমাণই আমার জন্য যথেষ্ট।”
ডার্কসাইডের ওই ভিডিওটি ইতোমধ্যেই তিন লাখেরও বেশি মানুষ দেখেছেন বলে জানিয়েছে গার্ডিয়ান।
