২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে ‘গিয়ার ভিআর’

ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট ‘গিয়ার ভিআর’ বিক্রি শুরু করেছে স্যামসাং। দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট প্রতিষ্ঠানটি ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট বাজারজাতকরণ শুরু করেছে শুক্রবার।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2015, 04:24 PM

Updated : 22 Aug 2022, 12:14 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার থেকেই স্যামসাংয়ের নিজস্ব ওয়েবসাইটে বিক্রি শুরু হয়েছে গ্যালাক্সি এস৬ এবং এস৬ এজ-এর সঙ্গে ব্যবহারযোগ্য ‘গিয়ার ভিআর’-এর। দুইশ ডলার দামে কিনতে পাওয়া যাবে ডিভাইসগুলো।

গ্যালাক্সি নোট ৪-এর সঙ্গে ব্যবহারযোগ্য মডেলটির মতো একইভাবে কাজ করে গ্যালাক্সি এস৬-এর জন্য ‘গিয়ার ভিআর ইনোভেটর এডিশন’। হেডসেটটির সঙ্গে গ্যালাক্সি এস৬-এর উভয় মডেলের যে কোনোটি জুড়ে দিলেই স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীকে ভার্চুয়াল রিয়ালিটির জগতে নিয়ে যাবে গিয়ার ভিআর।

গিয়ার ভিআর নিয়ন্ত্রণ করার জন্য হেডসেটটির ডানপাশেই আছে টাচপ্যাড। গিয়ার ভিআরের সঙ্গে সংযুক্ত অবস্থায় স্মার্টফোন চার্জ করার জন্য আছে আলাদা পোর্ট। আর স্মার্টফোনটি ঠান্ডা রাখার জন্য হেডসেটটির বাম পাশে আছে ছোট একটি ফ্যান।