২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপলের বিরুদ্ধে এরিকসনের মামলা

লাইসেন্স সংক্রান্ত লেনদেনে জটিলতার কারণে মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে আইনের আশ্রয় নিয়েছে সুইডিশ টেলিকম জায়ান্ট এরিকসন। মোট তিনটি দেশের আদালতে অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2015, 04:23 PM

Updated : 22 Aug 2022, 12:14 PM

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্য, জার্মানি ও নেদারল্যান্ডসের আদালতে এক সঙ্গে মামলা করেছে এরিকসন।

এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি অ্যাপল।

মধ্যস্থতা বৈঠকের জন্য অ্যাপলকে আহ্বান জানানো হলেও এখন সে সময়সীমা পার হয়ে গেছে বলে জানানো হয়েছে এরিকসনের পক্ষ থেকে।

এই বিষয়ে প্রতিষ্ঠানটির মেধাস্বত্ব সম্পদ বিভাগের প্রধান কাসিম আলফালাহি এক বিবৃতিতে বলেন, “বর্তমান যোগাযোগ ডিভাইসগুলোতে আমাদের প্রযুক্তির অসংখ্য ফিচার ও ফাংশন ব্যবহার করা হয়।”

অ্যাপলের সঙ্গে লাইসেন্স করা পেটেন্ট প্রযুক্তি নিয়ে দ্বন্দ্ব দুই বছর ধরে চলছে এবং তারা ‘আত্মবিশ্বাসী’ যে আদালত এই সমস্যাটির সঠিক সমাধানে সহায়তা করবে—জানান তিনি।

বিবিসির তথ্য অনুসারে, দ্বিতীয় ও চতুর্থ প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক ও স্মার্টফোন প্রযুক্তিকে কেন্দ্র করে এই দ্বন্দ্বের শুরু। এরিকসনের মোবাইল প্রযুক্তিসংক্রান্ত পেটেন্টের সংখ্যা ৩৫ হাজারেরও বেশি। যে পেটেন্টগুলো নিয়ে মূলত দ্বন্দ্ব চলছে সেগুলো ফোনে বিভিন্ন অ্যাপের ব্যবহার, ভিডিও স্ট্রিমিং ও চিপ ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে।

বিশ্লেষকদের আনুমানিক হিসাব অনুযায়ী, আদালত এরিকসনের পক্ষে রায় দিলে প্রতিষ্ঠানটির পেছনে অ্যাপলের প্রতি বছরে ৭২ কোটি ৫০ লাখ ডলার খরচ করতে হবে হবে।