ক্ষ্রদ্রতম ড্রোন
বাজারে আসছে ‘ওয়ালেট ড্রোন’। নির্মাতাদের দাবি পৃথিবীর সবচেয়ে ছোট ড্রোন এটি। আকারে এটি এতই ছোট যে খুব সহজে কন্ট্রোলারসহ পকেটে রাখা যাবে, তাই এর নাম রাখা হয়েছে ‘ওয়ালেট ড্রোন’।
ড্রোনটির আকার ১.৫ ইঞ্চি বাই ১.৫ ইঞ্চি। আর উচ্চতা মোটে আধা ইঞ্চি বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট। ড্রোনটির রিমোট ও ডকিং স্টেশনের আকার ৪.২৩ ইঞ্চি বাই ৩.৩৫ ইঞ্চি বাই ১.১ ইঞ্চি।
সিনেট জানিয়েছে, আকারে ছোট হওয়ার বদৌলতে ‘ওয়ালেট ড্রোন’ পকেটে নিয়ে ঘুরে বেড়ানো যাবে, বাড়তি গিয়ার বহনের ঝক্কি পোহাতে হবে না। তবে এতে কোনো ক্যামেরা সংযোজন করা হয়নি।
ইউএসবি কেবলের মাধ্যমে ড্রোনটি চার্জ করা যাবে। ২০ মিনিটের চার্জে পাঁচ থেকে সাত মিনিট উড়তে পারবে এটি। ডকিং স্টেশনে চারটি ‘ডাবল এ’ ব্যাটারি দিয়েও চার্জ করা যাবে এই ড্রোন।
ইন্ডিগোগো ক্যাম্পেইনের মাধ্যমে ড্রোনটির বাণিজ্যিক উৎপাদনের জন্য তহবিল ও বিনিয়োগ সংগ্রহ করছেন ড্রোনটির নির্মাতারা। ক্যাম্পেইন থেকে ১১ হাজার ৮৯৪ ডলার সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হলে ২০১৫ সালের জুলাই মাস নাগাদ ওয়ালেট ড্রোন হাতে পাবেন বিনিয়োগকারীরা।
