২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তাদাতাই যখন সর্ষের ভূত

সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান ‘টাইভারসা’ অনৈতিকভাবে মক্কেলদের কাছ থেকে অর্থ আদায় করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রাক্তন কর্মচারী রিচার্ড ওয়ালেস। প্রতিষ্ঠানটি সম্ভাব্য মক্কেলদের কাছ থেকে আর্থিক সুবিধা আদায় করার জন্য ভুয়া হ্যাকিং, জালিয়াতি ও মিথ্যাচার করত বলে জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইব মুহাম্মদ রিদোয়ান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2015, 04:15 PM

Updated : 22 Aug 2022, 12:14 PM

সিএনএন জানিয়েছে, ওই প্রতিষ্ঠানটি সাইবার অপরাধী ও হ্যাকারদের ব্যবহৃত ইন্টারনেট অ্যাড্রেস শনাক্ত করত। তারপর ওই ঠিকানা থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের গোপন ফাইল অনলাইনে ছড়িয়ে পড়ছে বলে গুজব ছড়ানো হত।

এর মাধ্যমে সাইবার সিকিউরিটি সার্ভিসের নাম করে টাইভারসা ভুক্তভোগী প্রতিষ্ঠানের কাছ থেকে মোটা অঙ্কের ‘ফি’ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেছেন ওয়ালেস।

যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে দেওয়া জবানবন্দিতে ওয়ালেস টাইভারসার এই অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানান বলে জানিয়েছে সিএনএন। ভুয়া হ্যাকিংয়ের ধুয়া তুলে টাইভারসার সাইবার সিকিউরিটি সেবা কিনতে বিভিন্ন প্রতিষ্ঠানকে বাধ্য করা হত বলে জানিয়েছেন ওয়ালেস।

২০১০ সালে টাইভারসা ‘ল্যাবএমডি’ নামক একটি ক্যান্সার পরীক্ষা কেন্দ্রের কম্পিউটার হ্যাক করে এবং গোপন মেডিকেল রেকর্ডস চুরি করে।

তারপর প্রতিষ্ঠানটিকে টাইভারসার সাইবার সিকিউরিটি সার্ভিস ব্যবহার করতে বলা হয়। এতে অস্বীকৃতি জানালে টাইভারসা যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের কাছে গোপন তথ্য হস্তান্তর করে প্রতিষ্ঠানটি আইন ভঙ্গ করেছে বলে অভিযোগ তোলে। এফটিসির সঙ্গে দীর্ঘ আইনি লড়াইয়ে টিকতে না পেরে শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায় ল্যাবএমডি। চাকরি হারান প্রতিষ্ঠানটির ৪০ জন কর্মচারী।

টাইভারসার পক্ষ থেকে ওয়ালেসের অভিযোগ অস্বীকার করা হয়েছে। প্রতিষ্ঠানটির সিইও বব বোব্যাকের দাবি, তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে তোলা অভিযোগগুলো বহিষ্কৃত কর্মচারীর প্রতিশোধ নেওয়ার পন্থা ছাড়া অন্য কিছুই নয়।

টাইভারসা ২০০৯ সালে ইরানের একটি ইন্টারনেট অ্যাড্রেসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার হেলিকপ্টার মেরিন ওয়ানের নকশার গোপন তথ্য রয়েছে বলে দাবি করেছিল। বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছিল বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী ওই খবর।