২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্ডপ্রেসে সিকিউরিটি আপডেট

কয়েক লাখ সাইটের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা সামাল দিতে বৃহস্পতিবার নতুন সিকিউরিটি আপডেট ছেড়েছে ওয়েব কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ার্ডপ্রেস। নিরাপত্তা ব্যবস্থায় ওই দুর্বলতার সুযোগ নিয়ে ওয়েবসাইটের সম্পূর্ণ নিয়ন্ত্রণ দখল করে নেওয়া সম্ভব ছিল হ্যাকারদের পক্ষে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2015, 04:15 PM

Updated : 22 Aug 2022, 12:14 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ওয়ার্ডপ্রেস সাইটে প্রিলোড হিসেবে থাকা জেনেরিকনস ফাইলগুলোর মধ্যে ওই দুর্বলতা আবিষ্কার করে সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান সুকিউরি সিকিউরিটিজ। ওই ফাইলটির কারণে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটগুলো ‘ক্রস-সাইট স্ক্রিপ্টিং’ (এক্সএসএস) ঝুঁকিতে ছিল বলে জানিয়েছেন সাইবার নিরাপত্তা গবেষকরা।

এই বিষয়ে ভল্টপ্রেস ব্লগের এক পোস্টে ওয়ার্ডপ্রেস জানিয়েছে, “ওই ফাইলটি আছে এমন যে কোনো ওয়ার্ডপ্রেস প্লাগ-ইন এবং থিম সাইবার আক্রমণের ঝুঁকিতে আছে।”

যদিও দুর্বল ফাইলটির সুযোগ নেওয়া হ্যাকারদের জন্য একদম সহজ কাজ হবে না, তবে একবার সফল হলে হ্যাকাররা ওয়েবসাইটের বড় ধরনের ক্ষতি করতে পারবে বলে সতর্ক করে দিয়েছেন সুকিউরির গবেষকরা।

সর্বশেষ সিকিউরিটি আপডেটে ফাইলটি থিম ও প্লাগইন থেকে বাদ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ওয়ার্ডপ্রেস। সাইটের নিরাপত্তা রক্ষার্থে সর্বশেষ আপডেটটি ব্যবহার করাই সবচেয়ে শ্রেয় হবে বলে ম্যাশএবলের কাছে মন্তব্য করেছেন ওয়ার্ডপ্রেসের এক মুখপাত্র।

মেইন ড্যাশবোর্ডের আপডেট মেনু থেকে নতুন সিকিউরিটি আপডেট ডাউনলোড করতে পারবেন ব্যবহারকারীরা। আর অটো-আপডেট এনাবল করা থাকলে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যাবে ওয়ার্ডপ্রেস সাইট।