আগামী বছরের শুরুতেই ‘রিফট’
২০১৬ সালের প্রথম প্রান্তিকেই বাজারজাতকরণ শুরু হবে ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট নির্মাতা ‘অকুলাস ভিআর’-এর বহুল আলোচিত ‘রিফট’ হেডসেটের। সম্প্রতি ‘রিফট’ নিয়ে এই ঘোষণা দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি। এতদিন এই হেডসেটটির বিক্রির গণ্ডি শুধু ডেভেলপারদের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
২০১৪ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক দুইশ কোটি ডলারের বিনিময়ে ‘অকুলাস ভিআর’ কিনে নেয়। অকুলাস রিফটের বাণিজ্যিক মডেল ডেভেলপার মডেলের চেয়েও উন্নত হবে-- নির্মাতা প্রতিষ্ঠান অকুলাসের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, সামনের সপ্তাহগুলোতে তারা হেডসেটটির হার্ডওয়্যার, সফটওয়্যার, ইনপুট ও অন্যান্য বিষয়ে বিস্তারিত জানাবে। ভার্চুয়াল রিয়ালিটি গেইমিং, চলচ্চিত্র, বিনোদন, যোগাযোগ ইত্যাদির প্রচলিত ধারা পাল্টে দেবে-- ব্লগ পোস্টে এমন দাবিও করেছে প্রতিষ্ঠানটি।
তবে অকুলাসের রিফটের আগেই বাজারে চলে আসবে এইচটিসির ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) হেডসেট ‘ভাইভ’। এ বছরের শেষের দিকেই বাজারে আসার কথা রয়েছে হেডসেটটির।
এছাড়াও জাপানি ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা সনি জানিয়েছে, ২০১৬ সালের প্রথম ছয় মাসের মধ্যেই তাদের নির্মিত ভিআর হেডসেট ‘মরফিয়াস’ বাজারজাত করা হবে। মরফিয়াস হেডসেটটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি সনির গেইম কনসোল প্লেস্টেশন ৪-এর সঙ্গে ব্যবহার করা সম্ভব হয়।
অন্যদিকে রিফট ও ভাইভের ডিজাইন ভিডিও গেইম কনসোলের পরিবর্তে পিসির জন্যই বেশি উপযোগী বলে জানিয়েছে বিবিসি।
