বাড়ছে নিউরো-প্রযুক্তি পেটেন্টের সংখ্যা
নাটকীয় হারে বেড়েছে মস্তিষ্কতরঙ্গ বা নিউরো-প্রযুক্তিভিত্তিক পেটেন্টের সংখ্যা। যুক্তরাষ্ট্রে শুধু ২০১৪ সালেই এ ধরনের মোট এক হাজার ছয়শ পেটেন্ট নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান শার্পব্রেইনস।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, নিউরো-প্রযুক্তিভিত্তিক মোট একশ পেটেন্ট নিয়ে বর্তমানে এ ধরনের পেটেন্টধারীদের মধ্যে শীর্ষে রয়েছে গবেষণা প্রতিষ্ঠান নিয়েলসেন।
শার্পব্রেইনসের তথ্য অনুযায়ী, ২০০০-২০০৯ সালের মধ্যে চারশরও কম নিউরো-প্রযুক্তি পেটেন্ট নথিভুক্ত হয়েছিল। কিন্তু ২০১০ সালেই চিত্রটি পাল্টে যায়, ওই বছর নিউরো-প্রযুক্তির পেটেন্টের সংখ্যা বেড়ে আটশতে এসে দাঁড়ায়।
নিউরো-প্রযুক্তিকে কেন্দ্র করে গড়ে উঠছে বিভিন্ন স্টার্টআপ প্রতিষ্ঠানও। স্টার্টআপ প্রতিষ্ঠান থিংক (Thync) ব্রেইন সেন্সরের সঙ্গে সংযোগ স্থাপন করে মানুষের মানসিক অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য কাজ করছে, জানিয়েছে বিবিসি।
এছাড়াও মস্তিষ্ক তরঙ্গের মাধ্যমে গেইমাররা যেন ভিডিও গেইম খেলতে পারেন, সে লক্ষ্যে একত্রে কাজ করছে ইইজি হ্যান্ডসেট নির্মাতা ‘ইমোটিভ’ ও ইন্সটিটিউট অফ ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আইইই)।
অন্যদিকে ভোক্তা নতুন পণ্য বা বিজ্ঞাপন সম্পর্কে ঠিক কী চিন্তা করছেন তা জানার জন্য ইতোমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে বেশ কয়েকটি নিউরো-মার্কেটিং প্রতিষ্ঠান!
