ধ্বংসাত্মক ভাইরাস ‘রম্বারটিক’
প্রধান ফাইলগুলো মুছে ফেলে কম্পিউটারকে অকেজো করে দিতে সক্ষম এরকম একটি ভাইরাস খুঁজে পেয়েছেন গবেষকরা। তারা জানিয়েছেন, প্রধানত ভাইরাস সনাক্তকরণ প্রক্রিয়া এড়াতেই রম্বারটিক নামের ভাইরাসটি একাজ করে থাকে।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, রম্বারটিক ভাইরাসটির মূল কাজ হচ্ছে উইন্ডোজ চালিত কম্পিউটার থেকে গোপনে ব্যবহারকারীর লগইন ডেটা ও অন্যান্য গোপনীয় তথ্যাদি হাতিয়ে নেয়া।
এ প্রসঙ্গে সিসকো’র নিরাপত্তা গবেষক বেন বেকার ও অ্যালেক্স চিউ এক ব্লগ পোস্টে জানিয়েছেন, সাধারণত ফিশিং মেসেজের সঙ্গে থাকা বুবি-ট্র্যাপ অ্যাটাচমেন্ট ওপেন করার ফলেই রম্বারটিক ভাইরাসে আক্রান্ত হয় কম্পিউটার। এরকম কিছু সংখ্যক মেসেজ মাইক্রোসফটের ‘ব্যবসায়িক তদন্ত পত্রের’ ছদ্মবেশ ধারণ করে ব্যবহারকারীকে ধোঁকা দিয়ে থাকে বলেই জানিয়েছে বিবিসি।
গবেষকরা জানিয়েছেন, এই ম্যালওয়ারটি আক্রান্ত কম্পিউটার থেকে যেকোনো ওয়েবসাইটে ব্যবহারকারীর দেয়া ডেটা নির্বিচারে হাতিয়ে নেয়। আর ম্যালওয়ারটি যদি বুঝতে পারে এটিকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে, তাহলে তা উইন্ডোজের গুরুত্বপূর্ণ সিস্টেম ফাইল ‘মাস্টার বুট রেকর্ড’ (এমবিআর) মুছে দেয়।
এমবিআর মুছে যাওয়ার ফলে আক্রান্ত মেশিনটি তখন বারবার রিস্টার্ট নিতে থাকে। এমন অবস্থায় নতুন করে উইন্ডোজ ইন্সটল করা ছাড়া আর কোনো উপায় থাকে না।
এ ছাড়াও ভাইরাসটিকে কোনো প্রকার বিশ্লেষণ করার চেষ্টা করা হচ্ছে কিনা সেটি জানতে এটি নিয়মিত আভ্যন্তরীণ পরীক্ষা চালায় বলেও জানিয়েছে বিবিসি।
রম্বারটিক প্রসঙ্গে নিরাপত্তা বিশেষজ্ঞ গ্রাহাম ক্লুলেই জানিয়েছেন, এ ধরনের ধ্বংসাত্মক ভাইরাস বেশ দূর্লভ। তিনি আরও বলেন, “এটি সাধারণ নয়, কারণ বর্তমানের ম্যালওয়ারগুলো চায় না কেউ সেগুলোকে খুঁজে বের করুক, এতে করে ম্যালওয়ারের লক্ষ্য পূরণে সমস্যা হয় - এগুলো অপেক্ষা করে এবং অনেকদিন ধরে ডেটা হাতিয়ে নেয়।”
