‘উইন্ডোজ মিডিয়া সেন্টার’ এখন ইতিহাস
উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ‘উইন্ডোজ ১০’ থেকে উইন্ডোজ মিডিয়া সেন্টার বাদ দেওয়ার পরিকল্পনা করছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। অর্থ্যাৎ উইন্ডোজ ৭ বা ৮.১ থেকে উইন্ডোজ ১০-এ আপগ্রেড করা পিসিতে থাকবে না ওই ফিচার।
উইন্ডোজ মিডিয়া সেন্টারের অভিষেক হয় ২০০১ সালে, উইন্ডোজের এক্সপি সংস্করণের মাধ্যমে। কিছু ব্যবহারকারীর কাছে ফিচারটি ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছিল বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ।
মিডিয়া প্লেয়ার হিসেবে ব্যবহারের এবং টিভি টিউনারের মাধ্যমে এতে বিভিন্ন টেলিভিশন চ্যানেল দেখার ব্যবস্থা ছিল উইন্ডোজ মিডিয়া সেন্টারে। একাধিক কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান উইন্ডোজ মিডিয়া সেন্টারকে কেন্দ্র করে একাধিক মডেলের ‘লিভিং রুম পিসি’ তৈরি করলেও মূলধারার ক্রেতাদের মন জয় করতে পারেনি ওই পিসিগুলো।
মাইক্রোসফট উইন্ডোজ মিডিয়া সেন্টার ডেভেলপিংয়ের কাজ বন্ধ রেখেছে ২০০৯ সাল থেকে। তবে এতদিন উইন্ডোজ ৮-এর আপগ্রেড প্যাকে উপস্থিতি ছিল ফিচারটির।
