ফেইসবুকে আসছে ‘ইনস্ট্যান্ট আর্টিকল’
নিউ ইয়র্ক টাইমস এবং ন্যাশনাল জিওগ্রাফিকের মতো প্রকাশনার নিজস্ব সাইটে প্রকাশিত প্রতিবেদন সরাসরি ফেইসবুকে প্রকাশ করার পরিকল্পনা করছে সামাজিক যোগাযোগের শীর্ষ মাধ্যমটি। এর বিপরীতে প্রতিবেদনগুলোর সঙ্গে জুড়ে দেওয়া বিজ্ঞাপনের আয়ের পুরোটাই পাবেন মূল প্রকাশক।
ব্যবসা-বাণিজ্যভিত্তিক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল গোপন সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, ফেইসবুকে 'ইনস্ট্যান্ট আর্টিকল' নামক একটি নতুন ফিচার সংযোজনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে আছে।
ফিচারটি এই মে মাসের মধ্যেই শুরু হতে পারে বলে জানিয়েছে ওয়ালস্ট্রিট জার্নাল। তবে ওই ফিচারের উপর মূল প্রকাশকদের কতোটা নিয়ন্ত্রণ থাকবে সেটা এখনও স্পষ্ট নয়।
অনলাইনে কনটেন্ট প্রকাশকদের সিংহভাগের পাঠকরা বিভিন্ন নতুন নতুন প্রতিবেদনের লিংক পান ফেইসবুকের মাধ্যমেই। আবার সামাজিক যোগাযোগের মাধ্যমটির উপর এতোখানি নির্ভর করা নিয়ে অনেক প্রকাশকই এখনও অনিশ্চয়তা ভুগছেন বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সাইট সিনেট।
সিনেটের প্রতিবেদন অনুযায়ী, মূল কনটেন্টের প্রকাশকদের মাধ্যমে আসা বিজ্ঞাপনের আয়ের পুরোটাই যাবে ওই প্রকাশকদের পকেটে। আর বিজ্ঞাপন ফেইসবুকের মাধ্যমে এলে আয়ের ৩০ শতাংশ পাবে ফেইসবুক কর্তৃপক্ষ।
