অ্যাপলও জানে ‘ট্যাটু’ বিপত্তির খবর
হাতের কব্জিতে আঁকা ট্যাটু ‘অ্যাপল ওয়াচ’-এর স্বাভাবিক কার্যক্ষমতায় বাধা সৃষ্টি করতে পারে বলে নিশ্চিত করেছে অ্যাপল ।
অ্যাপল ওয়াচ সাপোর্ট পেইজে এই বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ এক প্রতিবেদন জানিয়েছে, অ্যাপল ওয়াচের বেশ কয়েকজন ক্রেতা হাতের ট্যাটু নিয়ে বিপত্তির সম্মুক্ষীন হয়েছেন। ট্যাটুর কারণে হৃদস্পন্দন পর্যবেক্ষণে বাধা পায় স্মার্টওয়াচটির হার্ট রেট সেন্সর। আর এতে বাধাগ্রস্থ হচ্ছে ঘড়িটি সার্বিক কার্যক্ষমতা।
ব্যবহারকারীদের অভিযোগ স্বীকার করে অ্যাপল বিবৃতি জানিয়েছে, কব্জির ত্বকে ট্যাটুর কারণে হৃদস্পন্দন পর্যবেক্ষণ থেকে ভুল তথ্য দিতে পারে অ্যাপল ওয়াচ।
অ্যাপলের দেওয়া তথ্যে বলা হয়েছে, ট্যাটুর ধরন এবং রঙের তীব্রতা স্মার্টওয়াচটির সেন্সর থেকে বের হওয়া আলোতে বাধা সৃষ্টি করে। যার কারণে নির্ভরযোগ্য রিডিং পাওয়া যায়না। এছাড়াও, গাঢ় কালি দিয়ে আঁকা বড় ট্যাটুগুলো স্মার্টওয়াচটির জন্য বেশি সমস্যা সৃষ্টি করে।
ট্যাটুজনিত এই সমস্যার সমাধানে অ্যাপল ওয়াচের সঙ্গে তারবিহীন এক্সটার্নাল হার্ট রেট মনিটরের সংযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে অ্যাপল।
