নেপালের পাশে ফেইসবুক ব্যবহারকারীরা
ভূমিকম্পে বিপর্যস্ত নেপালে সহায়তা করতে ‘ডোনেট নাও’ বাটন চালু করেছিল ফেইসবুক। শীর্ষ সামাজিক যোগাযোগের মাধ্যমটির এই উদ্যোগের দুই দিনের মধ্যে সংগৃহীত হয়েছে ১ কোটি ডলারেরও বেশি তহবিল।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, ফেইসবুকের ডোনেট বাটনের মাধ্যমে অর্থ সহায়তা দিয়েছেন ৫০ লাখেরও বেশি ব্যবহারকারী। তাদের দানে ইন্টারন্যাশনাল মেডিক্যাল কোরের (আইএমসি) তহবিলে জমা হয়েছে এক কোটি ডলারেরও বেশি অর্থ। এ ছাড়াও ফেইসবুক দিচ্ছে আরও ২০ লাখ মার্কিন ডলার।
ব্যবহারকারীদের কাছ থেকে এমন সাড়া পাওয়াকে ‘বিস্ময়কর’ হিসেবে উল্লেখ করেছেন ফেইসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। এক ফেইসবুক পোস্টে জাকারবার্গ বলেন, “মানুষের প্রয়োজনের সময় সবাই একসঙ্গে এগিয়ে আসছে, এটা অনুপ্রেরণামূলক। আমরা এই সেবা দিতে পেরে এবং নেপালে ভূমিকম্প আক্রান্তদের জন্য আপনাদের সাহায্যের চেষ্টার জন্য কৃতজ্ঞ।”
নেপালে ভূমিকম্পের পরপর বেঁচে যাওয়া মানুষদের খুঁজে পেতে ‘সেইফটি চেক’ ফিচারও চালু করেছে ফেইসবুক।
ভূমিকম্পে বিপর্যস্ত নেপালের ত্রাণ সরবরাহ ও উদ্ধারকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করতে হোয়াটসঅ্যাপ, ফেইসবুক ও ইন্সটাগ্রাম ব্যবহারকারীরা কাজ করছেন বলে জানিয়েছে ম্যাশএবল।
