টুইটারে ‘ভালোবাসা’ চাই গুগল প্লাসের!
ওয়েব জায়ান্ট গুগলের নিজস্ব সামাজিক যোগাযোগের মাধ্যম গুগল প্লাসের টুইটার অ্যাকাউন্ট খোলার চার বছর পর অবশেষে পোস্ট করা হয়েছে ওই অ্যাকাউন্ট থেকে।
আর মাইক্রোব্লগিং সাইটটিতে গুগল প্লাসের প্রথম টুইটটি ছিল, “হ্যালো টুইটারভার্স! ক্যান উই গেট সাম লাভ ফর আস!”
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, ২০১১ সালের জুলাই মাসে গুগল প্লাসের টু্ইটার অ্যাকাউন্ট খোলা হলেও চলতি বছর ১ মে প্রথম ওই অ্যাকাউন্ট থেকে কোনো টুইট পোস্ট করা হল।
২০১১ সালের জুন মাসে গুগল প্লাস চালু করেছিল গুগল। কিন্তু ফেইসবুক বা টুইটারের মতো জনপ্রিয়তা অর্জন করতে পারেনি গুগলের এই সোশাল মিডিয়া।
২০১৪ সালের অক্টোবর মাসেই সাইটের ৩০ কোটি নিয়মিত ব্যবহারকারী আছে বলে দাবি করেছিল গুগল প্লাস। কিন্তু চলতি বছরের এপ্রিলের মাসে এক বাজার বিশ্লেষক প্রতিষ্ঠানের প্রতিবেদন অনুযায়ী, গুগল প্লাসের নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা এখন ১১ কোটির বেশি নয়।
এর বিপরীতে ফেইসবুকের নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা ১৪০ কোটি।
ম্যাশএবলের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে জনপ্রিয়তা না পেলেও হয়ত খুব শিগগিরই নতুন কিছু ঘটতে যাচ্ছে গুগল প্লাস নিয়ে। আর তারই ইঙ্গিত ছিল ওই টুইট।
