অ্যাপল ওয়াচের ‘ক্রিপ্টোনাইট’: হাতের ট্যাটু
পশ্চিমা সংস্কৃতিতে শরীরে ট্যাটু অনেকটাই ফ্যাশনের অংশ। আবার কেউ কেউ শরীরের বিভিন্ন অংশে ট্যাটু করান স্মৃতিচিহ্ন হিসেবে। আঁকানোর উদ্দেশ্য যাই হোক না কেন, অ্যাপল ওয়াচ ব্যবহারকারীদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে কব্জিতে আঁকানো ওই ট্যাটু বা উল্কি।
একাধিক ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, হাতের কব্জিতে ট্যাটু করা থাকলে অ্যাপল ওয়াচের হার্ট রেট সেন্সর ঠিকমতো কাজ করে না।
স্মার্টওয়াচ আসল মালিকের কব্জিতেই পরা আছে কি না, অ্যাপল ওয়াচের হার্ট রেট সেন্সর সেটা নিশ্চিত করে পরিধানকারীর হৃদস্পন্দন বিশ্লেষণ করে। কিন্তু কব্জিতে ট্যাটু থাকলে পরিধানকারীর হৃদস্পন্দন ঠিকমতো বিশ্লেষণ করতে পারে না সেন্সরটি।
ফলে অ্যাপল পে, নোটিফিকেশন, ফোন কল ও বেশকিছু অ্যাপের ব্যবহার থেকে বঞ্চিত হতে পারেন ব্যবহারকারী। কব্জিতে ট্যাটু আঁকা থাকলে কার্যত ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে অ্যাপল ওয়াচ।
বিবিসি জানিয়েছে, ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিট আর মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ বিষয়ে অভিযোগ করেছেন একাধিক অ্যাপল ওয়াচ ব্যবহারকারী। এই জটিলতার খবর নিশ্চিত করেছে অ্যাপল ব্লগ আইমোর।
এই ইসু নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি অ্যাপল।
