অ্যাপল-অ্যান্ড্রয়েডের জন্য ‘উন্মুক্ত’ উইন্ডোজ
অ্যাপল আর অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ‘দরজা’ খুলে দিচ্ছে মাইক্রোসফট। উইন্ডোজ ফোনে অ্যাপল আর অ্যান্ড্রয়েডের জন্য তৈরি অ্যাপগুলো ব্যবহারের সুযোগ সৃষ্টি করতে নতুন সফটওয়্যার টুল আনছে সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হচ্ছে, নতুন সফটওয়্যার টুলের বদৌলতে অল্পকিছু পরিবর্তন এনেই উইন্ডোজ ১০ মোবাইল অপারেটিং সিস্টেমে চালানো যাবে বিভিন্ন আইওএস অ্যাপ। কোনো পরিবর্তন ছাড়াই ব্যবহার করা যাবে বেশকিছু অ্যান্ড্রয়েড অ্যাপও।
বিবিসি জানিয়েছে, নিজেদের মোবাইল ডিভাইসের বিক্রি বাড়াতে চেষ্টার কমতি নেই মাইক্রোসফটের। এরই অংশ হিসেবে অ্যাপল আর অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জনপ্রিয় অ্যাপগুলো উইন্ডোজ ফোনেও ব্যবহারের সুযোগ সৃষ্টি করতে চাইছে প্রতিষ্ঠানটি।
উইন্ডোজ ফোনের প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়াতে মাইক্রোসফটের এই পদক্ষেপকে ‘দুর্বল সমাধান’ বলেছেন বাজারবিশ্লেষক প্রতিষ্ঠান সিসিএস ইনসাইটের বিশ্লেষক জিওফ ব্ল্যাবার। তবে অ্যাপল ও গুগলের জন্য নিয়মিত অ্যাপ নির্মাণ করেন এমন ডেভেলপারদের উইন্ডোজ প্লাটফর্মের প্রতি আকৃষ্ট করতে এটি প্রয়োজনীয় পদক্ষেপ ছিল বলেও মন্তব্য করেন তিনি।
