সাংবাদিকতায় স্টার্টআপ: সমর্থন গুগলের
ইউরোপে সংবাদ প্রকাশক এবং সাংবাদিকতাকেন্দ্রিক স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোকে আগামী তিন বছরের ১৫ কোটি ইউরোর তহবিল জোগান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ওয়েব জায়ান্ট গুগল।
বিবিসি জানিয়েছে, স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর নিজস্ব অনলাইন কভারেজ ও কনটেন্ট থেকে আয়ের সুযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে পরিচালিত বড় একটি প্রকল্পের অংশ হিসেবে গঠন করা হবে ওই ১৫ কোটি ইউরোর তহবিল।
গুগলের এই উদ্যোগে সমর্থন জানিয়েছে, ফিনান্সিয়াল টাইমস, গার্ডিয়ান, স্পেইনের এল পাইস এবং জার্মানির দাই জিট। গুগল সমালোচক একাধিক মিডিয়া প্রতিষ্ঠান যোগ দেয়নি এই প্রকল্পে।
২০১৩ সালেও ফরাসি মিডিয়া সংস্থাগুলোর সঙ্গে দ্বন্দ্ব মেটাতে একই ধরনের তহবিল গঠন করেছিল গুগল। ওই সময়ে গুগলের সীদ্ধান্তকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকেই বিবেচনা করেছিলেন বাজার বিশ্লেষকরা।
গুগলের তহবিল থেকে সাহায্য নিলে কোনো ‘স্বার্থের দ্বন্দ্ব’ সৃষ্টি হবে না—স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর তাদের পাঠকদের এই বিষয়টি নিশ্চিত করতে হবে বলে জানিয়েছে বিবিসি।
তহবিল গঠন ছাড়াও আরও তিনটি প্রতিশ্রুতি দিয়েছে গুগল। বিজ্ঞাপন, অ্যাপস, পেওয়াল এবং অ্যানালিটিক ডেটার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর মুনাফা বাড়ানোর সম্ভাব্য উপায় নিয়ে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করবে গুগল। সংবাদকর্মীদের ডিজিটাল দক্ষতা বাড়াতে প্যারিস, হামবুর্গ আর লন্ডনে অবস্থান করবেন গুগলের তিন কর্মী।
এছাড়াও পাঠকদের সংবাদ পঠন অভ্যাস এবং ক্রাউডফান্ডিং নিয়ে গবেষণার জন্য তহবিল সরবরাহের প্রতিশ্রুতিও দিয়েছে গুগল।
ইউরোপের সংবাদমাধ্যমগুলোর সঙ্গে নতুন সম্পর্ক গঠন করলেও মহাদেশটিতে গুগল নিরাপদ অবস্থানে বলা যাবে না। ওয়েব জায়ান্ট প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অনলাইন সার্চে স্বেচ্ছাচারিতার অভিযোগ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। গুগলে অ্যান্ড্রয়েড অ্যাপ বান্ডল তৈরিতে অনৈতিক কৌশল অবলম্বন করেছিল কি না, তদন্ত চলছে সে বিষয়ে। ধারণা করা হচ্ছে ব্যবহারকারীদের ডেটা গুগল কীভাবে ব্যবহার করবে সে বিষয়ে নতুন করে কড়াকড়ি আরোপ করবে ইউরোপিয়ান ইউনিয়ন।
