অ্যাপলে অ্যান্ড্রয়েডের ‘মূত্র বিসর্জন’!
গুগল ম্যাপে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ১০ মাইল দূরে রাওয়ালপিন্ডিতে একটি পার্ক দেখা যায়। ম্যাপে পার্কটি দেখে মনে হয় যেন অ্যান্ড্রয়েডের রোবট লোগো অ্যাপল লোগোর উপর ‘জলত্যাগ’ করছে।
পাকিস্তানের লাহোরের বাসিন্দা ও স্যামসাংয়ের সাবেক কর্মচারী আহমাদ বাবর রাওয়ালপিন্ডিতে একটি জায়গা খুঁজতে গিয়ে প্রথম এ বিষয়টি লক্ষ করেন।
এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, ওই স্থানে আদতে কোনো পার্ক নেই। এটি ‘ইলাস্ট্রেশনের’ মাধ্যমে করা হয়েছে। গুগলের ‘স্যাটেলাইট ভিউতে’ পার্কের জায়গায় কিছু আবাসিক ভবন, সবুজ ফাঁকা জায়গা আর পাহাড় দেখা যায়।
কোনো বেতনভুক্ত কর্মচারি এই ছবিটি পোস্ট করেনি বলে দাবি করেছে ওয়েব জায়ান্ট গুগল। গুগলে কাজ করা প্রদায়কদের মধ্যে কেউ একজন ওই ছবিটি তৈরি করে গুগল ম্যাপসে পোস্ট করেছে বলে মনে করছে তারা।
এ বিষয়ে দুঃখ প্রকাশ করে গুগল মুখপাত্র ক্যারোলিন ম্যাথিউস বলেন, “আমরা ব্যহারকারীদের এমন অনুচিত কন্টেন্ট তৈরির ঘটনায় দুঃখিত, আমরা এটি সরানোর জন্য কাজ করছি।”
ওয়েব জায়ান্ট গুগলের বিভিন্ন সেবায় এ ধরনের ‘অদ্ভুত’ বিষয় হরহামেশাই দেখা যায় বলে জানিয়েছে সিএনএন।
অন্যদিকে এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে অস্বীকৃতি জানান এক অ্যাপল মুখপাত্র।
