আইওএসে হোয়াটসঅ্যাপ ভয়েস কলিং সেবা
ক্রস-প্লাটফর্ম মোবাইল মেসেজিং সেবা ‘হোয়াটসঅ্যাপ’-এর আইওএস সংস্করণে যোগ হবে ‘ভয়েস কলিং’ ফিচার। অদূর ভবিষ্যতেই আইওএস সংস্করণে এই ফিচার যোগ করা হবে বলে নিশ্চিত করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণে ‘ভয়েস কলিং’ সেবা যোগ হয়েছে মার্চ মাসেই।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, ভয়েস কল ফিচারের জন্য ওয়াই-ফাই সংযোগ আর ডিভাইসের ডেটা কানেকশনের উপর নির্ভর করবে হোয়াটসঅ্যাপের আইওএস সংস্করণ। মোবাইল অপারেটরের কাছ থেকে কেনা মিনিটের উপর নির্ভর করবে না হোয়াটসঅ্যাপের ভয়েস কলিং সেবা।
ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারী মেসেজিংয়ের মাধ্যমে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপের উপর নির্ভর করেন। এতে ভয়েস কলিং ফিচার যোগ হওয়ার পর প্রযুক্তিপণ্যের ক্রেতা ও ভক্তদের কাছে অ্যাপটির কদর আরও বাড়বে বলে মন্তব্য করেছে ম্যাশএবল।
অ্যাপলের ‘অ্যাপ স্টোরে’ ইতোমধ্যেই যোগ হোয়াটসঅ্যাপের নতুন আপডেট। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এতে ভয়েস কলিং অপশনটি চালু করা হবে বলেই জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ছবি ও ভিডিও শেয়ারিং আরও সহজ করে দেওয়া হয়েছে নতুন সংস্করণে। অ্যাপটি থেকে সরাসরি ভিডিও ও ছবি শেয়ার করার জন্য যোগ হয়েছে ‘কুইক ক্যামেরা’ বাটন। রাখা হয়েছে ছবি ও ভিডিও ‘ক্রপ’ ও ‘রোটেট’ করার ফিচার।
