২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার বুমেরাং!

টুইটারে রসিকতা করে ফেঁসে গেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ক্রিস রবার্টস। মার্কিন বিমান পরিবহন সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্সের উড়োজাহাজে ভ্রমণের আগে রসিকতা করে টুইটারে পোস্ট করেছিলেন রবার্টস-- উড়োজাহাজের কম্পিউটার সিস্টেম হ্যাক করতে পারবেন তিনি। ব্যস, তাকে নিষিদ্ধ ঘোষণা করে বসেছে বিমান পরিবহন সংস্থাটি।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2015, 03:52 PM

Updated : 22 Aug 2022, 12:09 PM

বিবিসি জানিয়েছে, শনিবার নিরাপত্তাবিষয়ক এক সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের কলোরাডো থেকে স্যান ফ্র্যান্সিসকোতে যাওয়ার কথা ছিল ওই গবেষকের। ঠিক এর আগেই তিনি টুইট করেন বসেন যে, অ্যারোপ্লেনের কম্পিউটার সিস্টেম হ্যাক করে ‘অক্সিজেন মাস্ক’ খুলে দিতে পারবেন তিনি।

টুইটটি চোখ এড়ায়নি এয়ারলাইন্স কর্তৃপক্ষের। রবার্টসের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে তারা। তবে এয়ারলাইন্স কর্তৃপক্ষের দাবি, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এ ধরনের কোনো কৌশলে আমাদের ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থা অ্যাকসেস করা যাবে না।”

অন্যদিকে এফবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখেও পড়েছেন রবার্টস। বাজেয়াপ্ত করা হয় তার ল্যাপটপ আর ইলেক্ট্রনিক্স ডিভাইস।

অন্যদিকে ইউনাইটেড এয়ারলাইন্সের এমন আচরণে চটেছেন রবার্টস। তিনি বলেন, “এটা হতাশাজনক যে ইউনাইটেড আমাকে বোর্ডিংয়ের অনুমতি দিতে রাজি হয়নি। আর আমরা আশা করি তারা শিখবে যে, কম্পিউটার নিরাপত্তা গবেষকরা গুরুত্বপূর্ণ বন্ধু, হুমকি নয়।”