২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘গেইম অফ থ্রোনস’-এর চার এপিসোড লিক

আনুষ্ঠানিক প্রচার শুরুর আগেই অনলাইনে ফাঁস হয়েছে আলোচিত টিভি সিরিজ ‘গেইম অফ থ্রোনস’-এর পঞ্চম সিজনের প্রথম চার এপিসোড। রোববার ১৭০টি দেশে একযোগে প্রচার শুরু হয় মার্কিন টিভি চ্যানেল এইচবিওর জনপ্রিয় টিভি সিরিজটি।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2015, 01:42 PM

Updated : 22 Aug 2022, 12:05 PM

প্রযুক্তিবিষয়ক সাইট টেক ক্রাঞ্চ এক প্রতিবেদনে জানিয়েছে, ‘গেইম অফ থ্রোনস’ সিজন ৫-এর প্রথম চার এপিসোড অনলাইনে ফাঁস হয়েছে শনিবার। ফাঁস হওয়ার পর এক ঘণ্টার মধ্যে ফাইল শেয়ারিং সাইট টরেন্ট থেকে পঞ্চম সিজনের প্রথম এপিসোডটি ডাউনলোড করা হয়েছে ৫০ হাজারেরও বেশিবার।

অনলাইনে ফাঁস হয়ে যাওয়া এপিসোডগুলো আসল বলে নিশ্চিত করেছে খোদ এইচবিও কর্তৃপক্ষ। এই ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে তারা।

সবচেয়ে বেশি পাইরেটেড টিভি সিরিজগুলোর মধ্যে অন্যতম ‘গেইম অফ থ্রোনস’। টিভি সিরিজটির প্রায় প্রতিটি সিজনের প্রথম ও শেষ এপিসোড সর্বোচ্চ পাইরেসির রেকর্ড ভেঙেছে একাধিকবার।

এইচবিওর সবচেয়ে সফল টিভি সিরিজগুলোর একটি ‘গেইম অফ থ্রোনস’। টেক ক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন ‘এইচবিও নাও’ স্ট্রিমিং সার্ভিসে সিরিজটির পঞ্চম সিজন প্রচার করে সরাসরি দর্শক আকৃষ্ট করার লক্ষ্য ছিল এইচবিওর।