২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াহুর ব্যবস্থাপনায় পরিবর্তন আনলেন মেয়ার

আরও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে শুক্রবার ইন্টারনেট জায়ান্ট ইয়াহুতে কর্মরত কিছু সংখ্যক নির্বাহীর কাজের ক্ষেত্র পরিবর্তন করে দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মারিসা মেয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2015, 06:07 PM

Updated : 22 Aug 2022, 12:05 PM

এক প্রতিবেদনে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এ পরিবর্তনের ফলে ইয়াহুতে যোগদানকারী অনেক নির্বাহীর যেমন পদন্নতি হয়েছে, ঠিক তেমন আবার অনেক নির্বাহী তার পূর্ববর্তী দায়িত্ব হারিয়েছেন।

নতুন কাঠামো অনুসারে, প্রতিষ্ঠানটির নির্বাহী সাইমন খালাফ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ইয়াহু হোমপেইজের মতো ভোক্তাদের জন্য প্রতিষ্ঠানটির নির্মিত বহু পণ্য ও সেবার তত্ত্বাবধায়নের কাজ করবেন।

এ ছাড়াও প্রতিষ্ঠানটির নতুন ব্যবস্থাপনা নীতি অনুসারে, ইয়াহুর ব্লগিং প্ল্যাটফর্ম টাম্বলারের প্রধান নির্বাহী ডেভিড কার্প এখন থেকে মেয়ারের বদলে খালাফের কাছে তার কাজের বিবরণ দেবেন।

অন্যদিকে আরও দু’জন নির্বাহীকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে বলেই জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। এই নির্বাহী দু’জনের একজন অ্যাডাম কাহান, প্রতিষ্ঠানটির ভিডিও সেবা সংক্রান্ত কাজের তত্ত্বাবধান করবেন, আর আরেকজন জেফ বনোফোর্টে প্রতিষ্ঠানটির ই-মেইল ও মেসেজিং সেবার পাশাপাশি মোবাইল অ্যাপ ও ফ্লিকারের তদারকি করবেন।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনার এ পরিবর্তন নিয়ে ইয়াহুর মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি বলেই জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।