পেছাল জ’বোন আপ৩ ডেলিভারি
মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান জ’বোনের আপ৩ ফিটনেস ট্র্যাকারের ডেলিভারি চার মাস পিছিয়েছে। পুরোপুরি পানিরোধীও হচ্ছে না ডিভাইসটি, আপাতত কেবল ‘স্প্ল্যশ-প্রুফ’— জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, আপ৩’র ডেলিভারিতে দেরি করার কোনো যৌক্তিক কারণ দিতে না পারায় সোশাল মিডিয়াতে জ’বোনের সমালোচনা করেন অসংখ্য ক্রেতা। ডেলিভারিতে বিলম্বের এপর্যন্ত একটাই কারণ দেখিয়েছে প্রতিষ্ঠানটি। জানুয়ারিতে ফরচুন ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জানান, ডিভাইসটি সীল করা নিয়ে জটিলতার কারণে ডেলিভারি দেরি হচ্ছে।
এক ব্লগপোস্টে জ’বোন জানায়, “গত বছর ডিভাইটি উদ্বোধন করার সময় আমরা নিশ্চিত ছিলাম কয়েক সপ্তাহের মধ্যেই ব্যাপক পরিসরে ডিভাইসটি তৈরি করে ক্রেতাদের কাছে পাঠানো শুরু করবো। তবে উৎপাদন শুরু করার পর আমরা বুঝতে পারি যে, বেশিরভাগ ইউনিটের গুণগতমান ঠিক থাকলেও, একটি অংশে পিছিয়ে গেছে ডিভাইসটি। বিশেষত, প্রাথমিক ডিজাইন অনুযায়ী ডিভাইসটি যতটা পানিরোধী হওয়ার কথা ছিল তা আমরা অর্জন করতে পারছি না।”
“যেসব ক্রেতা সাঁতার কাটার সময় ব্যবহারযোগ্য হিসেবে ডিভাইসটির প্রি-অর্ডার করেছিলেন, তাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী। ক্রেতারা যেকোনো সময় তাদের অর্ডার বাতিল করে দিতে পারবেন বিনামূল্যে।”— জানিয়েছে জ’বোন।
ফরচুন ম্যাগাজিন এক প্রতিবেদনে জানায়, জ’বোনের ডিভাইস প্রস্তুতকারী পার্টনার ফ্লেক্সট্রনিক্স চুক্তির শর্ত ভঙ্গের মামলা করেছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। জ’বোনের অর্থনৈতিক অবস্থাকে বিপদজনক বলে মন্তব্য করে প্রতিষ্ঠানটি। পরে আদালতে বাইরেই বিষয়টি মীমাংসা করা হয়। ফেব্রুয়ারিতে ফিনান্সিয়াল টাইমস জানায়, জ’বোনের অর্থনৈতিক অবস্থা ভালো নয় এবং নতুন বিনিয়োগকারী খুঁজছে প্রতিষ্ঠানটি। জ’বোনের আপ৩ ডিভাইসটি আদৌ বাজারে আসবে কি না তা নিয়েও প্রশ্ন তুলেছিল ফিনান্সিয়াল টাইমস।
