২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের নতুন হাতিয়ার ‘গ্রেট ক্যানন’

নতুন সাইবার হাতিয়ার ‘দ্য গ্রেট ক্যানন’ ব্যবহার করে ব্লকড মার্কিন সাইটের ট্রাফিক বাড়িয়ে দিয়েছিল চীন। নাগরিকরা যাতে ভিন্ন পন্থায় ব্লকড সাইটে প্রবেশ করতে না পারেন, সে লক্ষ্যেই একাজ করেছিল দেশটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2015, 06:03 PM

Updated : 22 Aug 2022, 12:05 PM

এক প্রতিবেদনে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, চীন মার্চ মাসের শেষের দিকে এ কাজটি করে।

এ বিষয়ে প্রাথমিক নিরাপত্তা প্রতিবেদনে বলা হয়েছিল, ‘গ্রেট ফিল্টার’ নামে পরিচিত চীনা ইন্টারনেট ফিল্টার ব্যবহার করেই মার্কিন সাইটগুলোতে ট্রাফিক বাড়ানো হয়েছিল।

কিন্তু পরবর্তীতে আরও বিশদ গবেষণার পর ইউনিভর্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলে এবং ইউনিভার্সিটি টরন্টোর গবেষকরা জানান, ইন্টারনেট ট্রাফিক বাড়াতে চীন ‘গ্রেট ফিল্টার’ –এর বদলে নতুন হাতিয়ার ব্যবহার করেছে। গবেষকরা চীনের শক্তিশালী নতুন এই হাতিয়ারটির নাম দিয়েছেন ‘দ্য গ্রেট ক্যানন’।

শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে গবেষকরা চীনের নতুন হাতিয়ার দ্য গ্রেট ক্যানন সম্পর্কে জানান। গবেষকদের মতে, টুলটি ব্যবহার করে চীন যেকোনো দেশীয় ও বিদেশী সাইটের ওয়েব ট্রাফিক বাড়াতে বা কমাতে পারবে।

গবেষকরা আরও জানিয়েছেন, মার্চ মাসে ওই প্রক্রিয়া সম্পন্ন করতে দ্য গ্রেট ক্যানন, চীনের জনপ্রিয় সার্চ ইঞ্জিন বাইডু’র ওয়েব ও বিজ্ঞাপন আটকে তা সরাসরি অলাভজনক প্রতিষ্ঠান গিটহাবের সাইটে পাঠিয়ে দেয়, আর এতেই মার্কিন সাইটগুলোর ওয়েব ট্রাফিক বেড়ে যায়। গিটহাব সাইটের মাধ্যমে চীনা নাগরিকরা বিভিন্ন ব্লকড সাইটে প্রবেশ করতে পারত।

চীনের নতুন এই সাইবার হাতিয়ারটির আরও অনেক শক্তিশালী ক্ষমতা থাকতে পারে বলে আশংকা করছেন গবেষকরা।