২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্র্যাকিংয়ের অভিযোগ স্বীকার ফেইসবুকের

নিজেদের সাইটে অ্যাকাউন্ট নেই এমন ইন্টারনেট ব্যবহারকারীকে ট্র্যাক করার বিষয়টি স্বীকার করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক। পাশাপাশি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, যে ‘বাগের কারণে’ এ সমস্যাটি হতো ইতোমধ্যে তা ঠিক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2015, 08:02 PM

Updated : 25 Apr 2022, 01:14 PM

এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, ট্র্যাকিংয়ের বিষয়টি স্বীকার করলেও ইউরোপিয়ান ইউনিয়নের প্রাইভেসি আইন লংঘনের অভিযোগটি অস্বীকার করেছে ফেইসবুক।

বেলজিয়ান ডেটা নিরাপত্তা কর্তৃপক্ষ এক প্রতিবেদনে জানিয়েছিল, ফেইসবুক ইউরোপিয়ান ইউনিয়নের প্রাইভেসি আইন লংঘন করছে। এ প্রসঙ্গে ফেইসবুকের ইউরোপ নীতিমালার ভাইস-প্রেসিডেন্ট রিচার্ড অ্যালান জানিয়েছেন, ওই প্রতিবেদনটিতে ফেইসবুক কীভাবে তথ্য ব্যবহার করে তা ভুলভাবে তুলে ধরা হয়েছে।

অ্যালান আরও জানান, গবেষকরা এমন একটি বাগ খুঁজে পেয়েছিলেন যা হয়তো কিছু সংখ্যক ফেইসবুক ব্যবহারকারীকে সাইন আউট অবস্থায় থাকা সত্ত্বেও কুকি পাঠাতো, কিন্তু এটি প্রতিষ্ঠানটির ইচ্ছাকৃত কোনো কাজ নয়। ইতোমধ্যেই ওই বাগ সমস্যার সমাধান করা হয়েছে।

এ ছাড়াও বিজ্ঞাপন বিষয়ে অ্যালান জানান, ফেইসবুক সম্পূর্ণ বিনামূল্যে সেবা দিয়ে থাকে। আর এই বিনামূল্যে সেবা প্রদান বজায় রাখতে তাদের প্রতিষ্ঠান ওই ধরনের বিজ্ঞাপনগুলোই একজন ফেইসবুক ব্যবহারকারীকে দেখায় যা তার পছন্দ হতে পারে। এভাবে শুধু ফেইসবুক নয়, মাইক্রোসফট, গুগল এবং ইয়াহুর মতো প্রতিষ্ঠানও তহবিল সংগ্রহ করে।

গার্ডিয়ানের তথ্য মোতাবেক, ওই প্রতিবেদনটির ভিত্তিতে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা সে বিষয়ে বেলজিয়ান প্রাইভেসি কমিশন ২৯ এপ্রিল সিদ্ধান্ত নেবে বলেই প্রত্যাশা করা হচ্ছে।