২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিযোগিতার লক্ষ্য নিরাপদ পানি

বিশ্বে পানি সমস্যার টেকসই সমাধানের পথ খোঁজার লক্ষ্যে এক আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আর এতে অংশ নিতে পারবে বাংলাদেশের স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2015, 08:01 PM

Updated : 22 Aug 2022, 12:04 PM

নিরাপদ পানির অভাব বর্তমানে একটি বৈশ্বিক সমস্যার আকার ধারণ করেছে, নানাভাবে চেষ্টা করা হচ্ছে বিকল্প পথ খোঁজার। স্টকহোম ইন্টারন্যাশনাল ওয়াটার ইন্সটিটিউট কর্তৃক আয়োজিত স্কুল-কলেজ পর্যায়ের এই প্রতিযোগিতার বাংলাদেশ পর্বের আয়োজক ‘হাউজ অব ভলান্টিয়ার্স ফাউন্ডেশন বাংলাদেশ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

হাউজ অব ভলান্টিয়ার্স ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিযোগিতার মূল বিষয় পানিসম্পদ ব্যবস্থাপনা, পানি সংরক্ষণ, পানি শোধন ব্যবস্থা, পানি ও স্বাস্থ্য ব্যবস্থা, বর্জ্যপানি ব্যবস্থাপনা ইত্যাদি। এই প্রতিযোগিতায় বিজয়ী দল সুযোগ পাবে সুইডেনে এবছর ২২-২৮ অগাস্ট বিশ্ব পানি সপ্তাহে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার।

জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাটি ২২ মে ২০১৫, ঢাকায় অনুষ্ঠিত হবে বলে স্থানীয় আয়োজক সংস্থাটি জানিয়েছে। স্কুল কলেজের ১৫ থেকে ২০ বছর বয়সী শিক্ষার্থীরা একক অথবা দলগতভাবে সর্বোচ্চ ৩ জন করে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

আগ্রহী শিক্ষার্থীরা এই প্রতিযোগিতাবিষয়ক ওয়েবসাইটে নিজেরাই রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশনের পর প্রতিযোগীদের প্রজেক্ট পেপার জমা দিতে হবে এবং তার মধ্য থেকে নির্বাচিত দল নিয়ে অনুষ্ঠিত হবে জাতীয় প্রতিযোগিতা। অংশগ্রহণকারীদের প্রজেক্ট পোস্টার প্রদর্শন এবং বিচারকদের সামনে প্রজেক্ট উপস্থাপনের মাধ্যমে জাতীয় প্রতিযোগিতাটি সম্পন্ন হবে। জাতীয় প্রতিযোগিতায় বিজয়ী দল এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কে হাউজ অব ভলান্টিয়ার্স এর পক্ষ থেকে ট্রফি ও সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করা হবে। মূল প্রতিযোগিতায় বিজয়ী দলকে নগদ ৫ হাজার ডলার, সনদপত্র এবং ট্রফি পুরস্কার হিসেবে প্রদান করা হবে বলে জানানো হয়েছে আয়োজকদের তরফে।

রেজিস্ট্রেশন ও প্রজেক্ট পেপার জমা দেয়ার শেষ দিন ৩০ এপ্রিল, ২০১৫। প্রতিযোগিতার প্রয়োজনীয় তথ্য, প্রজেক্ট বিষয়ক ধারণা এবং নিয়মাবলী ও নির্দেশনা প্রতিযোগিতাটির (www.sjwpbd.org) ওয়েবসাইটে পাওয়া যাবে।