২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ফেইসবুকে তালাক!

সম্পর্ক জোড়া লাগানোর ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ব্যবহার করার অনেক উদাহরণই আছে। এবার সম্ভবত দেখা যাবে এর মাধ্যমে সম্পর্ক ভাঙ্গার আইনী নজির। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের এক বিচারকের সিদ্ধান্ত অনেকটা এমনই। এক নারীকে ফেইসবুকে তালাকের নোটিশ পাঠানোর অনুমতি দিয়েছেন তিনি।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2015, 03:29 PM

Updated : 22 Aug 2022, 12:04 PM

এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এলানোরা আর্থার বাইডু নামের এক নারী তার তার স্বামী ভিক্টর সেনা ব্লাড-জ্রাকুকে তালাকের নোটিশ পাঠানোর চেষ্টা করছেন।

ওই নারীর আইনজীবী অ্যান্ড্রু স্পিনেলের ভাষ্যমতে, তিনি ও তার মক্কেল বহুদিন ধরে ভিক্টরকে খুঁজছেন। তার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে, নিজের কোনো স্থায়ী ঠিকানা নেই বলে জানান তিনি।

আদালতে দেয়া তথ্য অনুসারে, তিনি ওই তালাকের নোটিশ গ্রহণে অস্বীকৃতিও জানিয়েছেন।

এমন অবস্থায় আর কোনো উপায় না পেয়ে স্পিনেল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তালাকের নোটিশ পাঠানোর জন্য আদালতের অনুমতি চান। বিচারক ম্যাথিউ কুপার এক্ষেত্রে ফেইসবুকের মাধ্যমে তালাকের নোটিশ পাঠানোর অনুমতি দিয়েছেন, তবে এর আগে ওই অ্যাকাউন্টের মালিক যে ভিক্টর এবং সে নিয়মিত ওই অ্যাকাউন্ট ব্যবহার করে তা ওই নারীকে প্রমাণ করতে হবে।