২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার কেলেঙ্কারি: জেলে সফটওয়্যার গুরু

২০০৯ সালে ভারতে ঘটে যাওয়া কেলেঙ্কারির জের ধরে সফটওয়্যার প্রতিষ্ঠান সাত্যায়াম কম্পিউটারের সাবেক প্রধান বাইররাজু রামালিঙ্গা রাজু ও তার দুই ভাইসহ দশজনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। সেই সঙ্গে রাজুকে ৮ লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2015, 03:23 PM

Updated : 12 Oct 2022, 03:32 PM

মামলায় ষড়যন্ত্র, প্রতারণা এবং জালিয়াতির অভিযোগ রাজু অস্বীকার করলেও আর্থিক অনিয়মের অভিযোগ মেনে নিয়েছেন। রাজু সফটওয়্যার জায়ান্ট সাত্যায়াম কম্পিউটারের প্রতিষ্ঠাতা ছিলেন এবং দেশটির আইটি সেক্টরে তাকে প্রভাবশালী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো। শেয়ার কেলেঙ্কারির পর রাজু ওই প্রতিষ্ঠানটি বেচে দিতে বাধ্য হন।

এক প্রতিবেদনে বিবিসি ওই কেলেঙ্কারিকে ভারতের কর্পোরেট জগতের সবচেয়ে বড় ধোঁকাবাজি হিসেবে উল্লেখ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০০৯ সালে সাত্যায়াম কম্পিউটারের শেয়ারধ্বসের ঘটনায় ২শ’ কোটি মার্কিন ডলারের বেশি ক্ষতির মুখে পড়েন প্রতিষ্ঠানটির শেয়ারধারীরা। ভারতের আইটি শিল্পকে কাঁপিয়ে দেয়া ওই কেলেঙ্কারির কারণে ঝুঁকির মুখে পড়ে ৫০ হাজার কর্মীর জীবিকা। পরবর্তীতে সরকারি হস্তক্ষেপে বেঁচে যান তারা।

ভারতের জাতীয় দৈনিক দ্যা হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, রাজু ২০০৯ সালের ৭ জানুয়ারি  হিসাবে গরমিল করার কথা স্বীকার করেন। প্রতিষ্ঠানটির হিসাবে ১ হাজার ৭শ’ ৩১ কোটি রূপির গরমিলের কথা জানিয়েছে সংবাদমাধ্যমটি।

২০০৯ সালে জানুয়ারি মাসে আটক হওয়ার পর থেকে এ পর্যন্ত ২৯ মাস জেল খেটেছেন রাজু।