২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যা থাকছে এলজি’র নতুন ফোনে

২৮ এপ্রিল এলজি অনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে যাচ্ছে প্রতিষ্ঠানটির নতুন ফ্ল্যাগশীপ স্মার্টফোন এলজি জি৪। তবে দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাংয়ের গ্যাল্যাক্সি এস৬ এবং এস৬ এজ-এর সঙ্গে পাল্লা দিতে হলে ডিজাইন, স্পেসিফিকেশন সবদিক থেকেই শক্তিশালী হওয়া চাই হ্যান্ডসেটটি।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2015, 06:22 PM

Updated : 22 Aug 2022, 12:03 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবলের মতে, শুধু স্যামসাং নয়, বর্তমানে স্মার্টফোন বাজারের সবচেয়ে ভালো অ্যান্ড্রয়েডচালিত ডিভাইস গ্যালাক্সি এস৬ এবং এস৬ এজ। এদের সঙ্গে প্রতিযোগিতায় নামতে এলজি যে স্মার্টফোনটি বাজারে আনতে যাচ্ছে তার স্পেসিফিকেশন সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেছে তা এক প্রতিবেদনে তুলে ধরেছে সাইটটি।

লেদার ফিনিশিং:

এলজি জি৪ এর উদ্বোধনী আমন্ত্রনপত্রটি হ্যান্ডসেটটি সম্পর্কে কোনো ইঙ্গিত হয়ে থাকলে চামড়ার আবরণ থাকার সম্ভাবনা আছে ডিভাইসটিতে। ধারণাটি সত্য হলে মটোরোলার মোটো এক্সের সঙ্গেও প্রতিযোগিতায় নামবে ডিভাইসটি। তবে উদ্বোধনের আগে এ বিষয়ে নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই।

উন্নত ক্যামেরা:

এলজি জি৩ এর ১৩ মেগাপিক্সেলের ক্যামেরাটি অ্যান্ড্রয়েডনির্ভর ডিভাইসগুলোর মধ্যে অন্যতম। এর অপটিকাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) এর লেজার অটোফোকাস সিস্টেম ২৭৬ এমএস এর মধ্যে থাকা সাবজেক্টের উপর ফোকাস লক করার সুবিধা দেয়। এছাড়াও এফ/২.৪ অ্যাপারচারের মাধ্যমে কম আলোতেও ভালো ছবি তোলার সুবিধা আছে এতে।

জি৪-এর ক্যামেরাটি হবে আরও উন্নত। ডিভাইসটির টিজার অনুযায়ী, এতে থাকছে এফ/১.৮ অ্যাপারচার লেন্স। পিল-আকারের লেজার অটোফোকাস সেন্সর এবং ডুয়াল এলইডি ফ্লাশও থাকতে পারে বলে ধারণা ম্যাশএবলের। এ ছাড়াও থাকছে ম্যানুয়াল ক্যামেরা মোড, যা ব্যবহারকারীকে একজন অভিজ্ঞ ফটোগ্রাফার হওয়ার সুযোগ দেবে।

ব্যবহারবান্ধব ইউজার ইন্টারফেস:

অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ অপারেটিং সিস্টেমে চলবে এলজি জি৪, সঙ্গে থাকছে কোরিয়ান টেক জায়ান্ট এলজির রিভ্যাম্পড ইউএক্স ৪.০ ‘স্কিন’। এছাড়ার থাকছে ‘স্মার্ট বুলেটিন’ ফিচার, যা ফিটনেস ডেটা, মিউজিক, স্মার্ট সেটিংস ইত্যাদি ডেটাগুলো সংগ্রহ করবে। আরও আছে ‘স্মার্ট নোটিশ’ ফিচার যা ব্যবহারকারীকে পরিবেশ অনুযায়ী বিভিন্ন কাজের পরামর্শ দেবে।   

আরও উন্নত কিউএইচডি স্ক্রিন:

এলজি জি৩-র ৫.৫ ইঞ্চির ২৫৬০x১৪৪০ রেজুলিউশনের স্ক্রিনটিকে আরও উন্নত করে জি৪-এ আনতে যাচ্ছে এলজি। জি৪-এর ডিসপ্লেতে থাকছে অ্যাডভান্সড ইন-সেল টাচ ফিচার, যা অতিরিক্ত ব্যটারি খরচ না করেই দেবে ৩০ শতাংশ বেশি উজ্জলতা এবং ৫০ শতাংশ বেশি কনট্রাস্ট অনুপাত এবং ২০ শতাংশ উন্নত রং বৈচিত্র্য।

ব্যাকসাইড প্রাইড:

জি২ এবং জি৪ এর মতো এলজি৪ এর ভলিউম এবং পাওয়ার বাটন থাকছে ডিভাইসটির পেছনে। প্রথমদিকে ধারণাটি ব্যবহারকারীদের সমালোচনার মুখে পড়লেও পরবর্তীতে তা উপযোগী হয়ে দাঁড়িয়েছে। কারণ, স্মার্টফোন ধরা অবস্থায় তর্জনী সাধারণত ডিভাইসের পেছনেই থাকে।