সোশাল মিডিয়া নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে তুরস্ক
অপহৃত উকিলকে বন্দুকের মুখে রাখা ছবি সোশাল মিডিয়াগুলোতে না ছড়ানোর আদেশ মেনে নেওয়ায় সাইটগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে তুরষ্ক। ফেইসবুক ও টুইটার ইতোমধ্যেই খুলে দেয়া হয়েছে, ইউটিউবের সঙ্গে এখনও আলোচনা চলছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে দুই বন্দুকধারী ইস্তাম্বুলের এক আদালত থেকে ওই আইনজীবী মেহমেত সেলিম কিরাজকে অপহরণ করে। পরে পুলিশের এক উদ্ধার অভিযানে তিনজনই মারা যায়। সোশাল মিডিয়াতে ছবিগুলো ছড়ানোকে কতৃপক্ষ “সরকার-বিরোধী প্রচারণা” বলে বর্ণনা করেন।
সর্বমোট ১৬৬টি সাইট বন্ধ ঘোষণা করে তুরষ্ক সরকার। সোশাল মিডিয়া সাইটগুলোকে বন্ধ করার আগে দৈনিক সংবাদপত্রে ছবিগুলোর ছাপানো বন্ধ করারও পদক্ষেপ নিয়েছিল তুরষ্ক সরকার।
২০১৩ সালে সরকারবিরোধী আন্দোলনের সময় এক শিশুর মৃত্যুর ঘটনা তদন্ত করার কারণেই আইনজীবী কিরাজকে অপহরণ করা হয় বলে জানিয়েছে বিবিসি। শতকোটি সোশাল মিডিয়া ব্যবহারকারী তাদের পছন্দসই প্ল্যাটফর্মে নিজেদের মতামত এবং ভিডিও পোস্ট করার চেষ্টা করে ব্যর্থ হন। তবে তাই বলে টু্ইট বন্ধ করা যায়নি। সংবাদমাধ্যমগুলো এবং ব্যক্তিগতভাবে অনেকেই ওই নিষেধাজ্ঞা এড়ানো বিভিন্ন উপায় জানান। বিশ্বব্যাপী শীর্ষ ট্রেনডিং টপিক হয়ে দাঁড়ায় টুইটারইজব্লকডইনটার্কি হ্যাশট্যাগ।
