২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিঙ্গায় ফিরছেন প্রতিষ্ঠাতা মার্ক পিনকাস

মার্কিন গেইমস নির্মাতা প্রতিষ্ঠান জিঙ্গা-র প্রতিষ্ঠাতা মার্ক পিনকাস ফিরে আসছেন প্রতিষ্ঠানটির নেতৃত্বে, তাকে জায়গা করে দিতে সরে দাঁড়াচ্ছেন বর্তমান প্রধান নির্বাহী ডন ম্যাট্রিক। এক সময় ফার্মভিলের মতো সফল গেইম নির্মাতা প্রতিষ্ঠানটির বর্তমানে মুমূর্ষু অবস্থা। এ অবস্থার পরিবর্তন করতেই পুরনো নেতাকে ফিরিয়ে আনছে প্রতিষ্ঠানটি।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2015, 06:12 PM

Updated : 22 Aug 2022, 12:03 PM

‘ফার্মভিল’ এবং ‘ওয়ার্ডস উইথ ফ্রেন্ডস’-এর মতো গেইমগুলোর মাধ্যমে পরিচিত হয়ে উঠে জিঙ্গা। মার্কিন দৈনিক পত্রিকা নিউ ইয়র্ক টাইসমের প্রতিবেদন অনুযায়ী, ডন ম্যাট্রিকের নেতৃত্বে একটি স্থিতিশীল অবস্থায় এলেও, গেইমস বাজারে টিকে থাকতে হিমশিম খাচ্ছিল প্রতিষ্ঠানটি। সর্বশেষ আয়ের হিসাব অনুযায়ী, ২০১৪ সালে প্রতিষ্ঠানটি লোকসান করেছে ২২ কোটি ৫৯ লাখ ডলার। এর আগের বছর লোকসানের অঙ্ক ছিল ৩ কোটি ৭০ লাখ।

জিঙ্গার দায়িত্ব নেয়ার বিষয়ে মার্ক পিনকাস এক বিবৃতিতে জানান, “আমি আমার প্রিয় প্রতিষ্ঠানটিতে ফিরে যাচ্ছি এর নতুনত্বের ধারাকে গতিশীল করতে”। তার বেতন হবে ১ ডলার।

ডন ম্যাট্রিক জানান, নিজ এলাকা কানাডায় ফিরে যাবেন তিনি। আরও বলেন, “আমি মনে করি প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে আমার সরে দাঁড়ানোর এবং মার্ককে প্রতিষ্ঠানটিকে পরবর্তী অধ্যায়ে নিয়ে যাওয়ার সুযোগ দেয়ার এখনই সঠিক সময়”।

“প্রতিষ্ঠান লোকসানে চললেও মোবাইলনির্ভর ব্যবহারকারী বেড়েছে জিঙ্গার। ফলে, নিজেদের ট্রাফিকে সংখ্যাগরিষ্ঠতা বাড়াতে ফেইসবুকের উপর আর নির্ভরশীল নয় প্রতিষ্ঠানটি”- দাবি জিঙ্গার।