২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রায় দুইশ’ অ্যাড-অন মুছে দিয়েছে গুগল

ক্রোম ব্রাউজারের অ্যাড-অনের অনলাইন ক্যাটালগ থেকে প্রায় ২০০ ম্যালওয়্যার এক্সটেনশান মুছে দিয়েছে ওয়েব জায়ান্ট গুগল।প্রতিদিন অসংখ্য ইন্টারনেট ব্যবহারকারী বিভিন্ন ক্ষতিকারক অ্যাড-অন আক্রমণের শিকার ক্রোম ব্রাউজার দিয়ে গুগলের বিভিন্ন সাইট ভিজিট করেন, সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্য উঠে আসার পর এই পদক্ষেপ নিয়েছে ওয়েব জায়ান্ট প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2015, 06:11 PM

Updated : 22 Aug 2022, 12:03 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এ ধরণের ক্ষতিকারণ এক্সটেনশনের মধ্যে অধিকাংশই ইন্টারনেট ব্যবহারকারীর লগ-ইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ ডেটা হাতিয়ে নিতে সক্ষম।

এ ব্যাপারে কম্পিউটার বিজ্ঞানী আলেক্সান্ড্রোস কাপ্রাভেলোস জানিয়েছেন, গবেষণায় প্রাপ্ত প্রাথমিক ফলাফলের ভিত্তিতে গুগল তাদের ক্রোম ক্যাটালগ থেকে ১৯২টি সক্রিয়  এক্সটেনশন মুছে দিয়েছে। তিনি আরও জানান, প্রায় এক কোটি চল্লিশ লাখ ইন্টারনেট ব্যবহারকারী ওই ম্যালিশাস এক্সটেনশনগুলোর শিকার হয়েছিলেন।

বিবিসির তথ্য মোতাবেক, সম্পূর্ণ গবেষণা প্রকল্পটি সম্পন্ন করতে গুগল ও নিরাপত্তা বিশেষজ্ঞরা দশ কোটিরও বেশি ‘গুগল সাইট ভিজিট’ বিশ্লেষণ করেন। প্রাথমিক ফলাফলে জানা গেছে, প্রতিদিন গুগল ভিজিট করে থাকেন এমন পাঁচ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারীর ব্রাউজার কমপক্ষে একটি ক্ষতিকারণ এক্সটেনশনে আক্রান্ত। সমস্যা সমাধান প্রসঙ্গে কাপ্রাভেলোস জানিয়েছেন, এটি এমন একটি সমস্যা যার মোকাবেলা করাটা বেশ কঠিন।   

গবেষণার তথ্য মোতাবেক, খুব স্বল্প সংখ্যক ডেভেলপার এই ধরনের অ্যাড-অন ও এক্সটেনশন তৈরির সঙ্গে জড়িত। গবেষণার সম্পূর্ণ ফলাফল এ বছরের মে মাসের আইইই সিম্পোজিয়াম অন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিবিসি।