২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধ হচ্ছে ‘অনলাইভ’

বন্ধ হয়ে যাচ্ছে ভিডিও গেইম স্ট্রিমিং জগতের পথিকৃৎ ‘অনলাইভ’। জাপানিজ ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা সনির কাছে গুরুত্বপূর্ণ পেটেন্ট বিক্রির পর নিজেদের ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2015, 05:18 PM

Updated : 22 Aug 2022, 12:02 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, অনলাইভে জনপ্রিয় কনসোল গেইমগুলো পিসি আর ট্যাবলেট থেকে খেলার সুযোগ মিলত গেইমারের। গেইমাররা ঘরে বসেই ভিডিও গেইমে নিজেদের চরিত্রগুলো নিয়ন্ত্রণ করতেন কিন্তু গেইমটি চলত  যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক এই প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব সার্ভারে।

বিবিসির তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি এক সময় এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে, এর বাজারমূল্য পৌঁছেছিল ১৮০ কোটি ডলারে।

তবে ২০১২ সালে দুঃসময় চলছে অনলাইনের। প্রায় চার কোটি ডলার দেনা নিয়ে এক ভেঞ্চার ক্যাপিটাল সংস্থার কাছে বিক্রি হয়ে যায় প্রতিষ্ঠানটি। ফলস্বরূপ চাকরি হারান অনেক অনলাইভ কর্মী।

২০১৪ সালের মার্চে ক্লাউডলিফট নামে নতুন সেবা চালু করেও শেষ রক্ষা হয়নি অনলাইভের। নতুন সেবার প্রতি গেইমারদের অনাগ্রহের কারণে সেবাটির চার্জ মাসখানেক পরই কমিয়ে প্রায় অর্ধেকে নিয়ে আসতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি।

ব্যবসা গুটিয়ে নেওয়ার বিষয়টি নিজেদের সাইটে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। “সনি অনলাইভের গুরুত্বপূর্ণ অংশ কিনে নিচ্ছে এবং গেইম সাইটটি যেভাবে পরিচালিত হত, সেভাবে এটি চালু রাখার কোনো পরিকল্পনা নেই সনির।”-- বলা হয়েছে ওই পোস্টে।

অন্যদিকে সনি নিজেদের ‘প্লেস্টেশন নাও’-এর স্ট্রিমিং সেবার জন্য অনলাইভের ১৪০টি পেটেন্ট ব্যবহার করবে বলে জানিয়েছে বিবিসি। তবে ঠিক কী দামে সনি অনলাইভের পেটেন্টগুলো কিনেছে তা জানা যায়নি।