‘বেন্ডটেস্টে’ আইফোন, এইচটিসি ও গ্যালাক্সি
সর্বোচ্চ ১১০ পাউন্ড পর্যন্ত চাপ সহ্য করতে পারে অ্যাপলের আইফোন ৬ প্লাস আর স্যামসাংয়ের গ্যালাক্সি এস৬ এজ। তবে বাড়তি চাপের মুখে গ্যালাক্সি এস৬ এজ-এর তুলনায় বেশি সময় টিকে ছিল আইফোনই।
বাজারের সবচেয়ে আলোচিত তিন স্মার্টফোন আইফোন ৬ প্লাস, এইচটিসি ওয়ান এম৯ আর স্যামসাং গ্যালাক্সি এস৬ এজ আদতে কতোটা টেকসই সেটা যাচাই করতে এবার ব্যবহার করা হয়েছে ‘বেন্ডবট’। স্মার্টফোনগুলোর উপর বেন্ডবট রোবটের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে চাপ প্রয়োগ করে দেখা হয়েছে স্মার্টফোনগুলোর সহ্যক্ষমতা। মিশ্র ফলাফল এসেছে এই ‘বেন্ডগেট টেস্ট’ থেকে।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, ‘বেন্ডগেট টেস্ট’-এর আয়োজন করেছিল স্কয়ারট্রেড নামক একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি স্মার্টফোনের জন্য বীমা সুবিধা দিয়ে থাকে।
পরীক্ষাটিতে বেন্ডবট নামের বিশেষ রোবট ব্যবহার করে স্মার্টফোনগুলো বেঁকে যাওয়ার আগ পর্যন্ত ১০ পাউন্ড করে বাড়তি ওজন প্রয়োগ করা হয়। পরবর্তীতে পুরোপুরি ভাঙার বা অকার্যকর হয়ে পরার আগ পর্যন্ত স্মার্টফোনগুলো কতোটা চাপ সহ্য করতে পারে সেটিও পরীক্ষা করে দেখা হয়।
প্রথমেই পরীক্ষার সম্মুখীন হয় আইফোন ৬ প্লাস। ১১০ পাউন্ড চাপে এসে বাঁকতে শুরু করলেও ফোনটি তখনও সম্পূর্ণ কার্যক্ষম ছিল বলে জানিয়েছে ম্যাশএবল। তবে চাপের মাত্রা ১৭৯ পাউন্ড পর্যন্ত বাড়ানোর পর ভেঙে যায়।
আর এইচটিসি’র ওয়ান এম৯ ১২০ পাউন্ড পর্যন্ত চাপ সহ্য করে বাঁকতে শুরু করে এবং অচল হয়ে পড়ে।
অন্যদিকে স্যামসাংয়ের গ্যালাক্সি এস৬ এজ আইফোনের মতো ১১০ পাউন্ড ওজন সহ্য করার পর বাঁকতে শুরু করে। এসময় ফোনটির ডিসপ্লেতে ফাঁটল ধরা স্বত্ত্বেও তা সচল ছিল। কিন্তু চাপের মাত্রা ১৪৯ পাউন্ড পর্যন্ত বাড়ানোর পর অচল হয়ে পড়ে গ্যালাক্সি এস৬ এজ। সম্পূর্ণ ভেঙে যায় স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি।
