রেকর্ড মুনাফায় হুয়াউয়ে
২০১৪ সালে রেকর্ড পরিমাণ মুনাফা অর্জন করেছে হুয়াউয়ে। কেপিএমজি নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। সব খাতেই প্রতিষ্ঠানটি আর্থিক সাফল্য অর্জন করেছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
হুয়াউয়ে তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৪ সালে প্রতিষ্ঠানটি মোট ৪ হাজার ৬শ’ ৫০ কোটি মার্কিন ডলার রাজস্ব আয় করেছে। প্রতিষ্ঠানটি মোট মুনাফা অর্জন করেছে সাড়ে ৪শ’ কোটি মার্কিন ডলার, যা ২০১৩ সালের তুলনায় ৩২.৭ শতাংশ বেশি।
এ বিষয়ে হুয়াউয়ে বোর্ডের ডেপুটি চেয়ারম্যান ও পর্যায়ক্রমে সিইওর দায়িত্বপ্রাপ্ত কেন হু বলেন, “২০১৪ সালে আমাদের মুনাফা বৃদ্ধি আমাদের ‘পাইপ স্ট্র্যাটেজি’র কারণে অর্জিত হয়েছে।” তিনি আরও বলেন, ক্লাউড কম্পিউটিং, বিগ ডেটা, ফাইভ-জি, এসডিএন এবং এনএফভি ইত্যাদি ক্ষেত্রে প্রতিষ্ঠানটি প্রচুর বিনিয়োগ করেছে।
উদ্ভাবনী খাতে হুয়াউয়ে বিশাল বিনিয়োগ অব্যাহত রেখেছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। গত এক দশকে প্রতিষ্ঠানটি গবেষণা খাতে ৩ হাজার ৭০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে।
প্রযুক্তিপণ্য আর সেবার মাধ্যমে ‘একটি সংযুক্ত পৃথিবী’ গড়ার আশা প্রকাশ করেছেন হু। বর্তমানে বিশ্বব্যাপী ১শ’ ৭০টিরও বেশি দেশে হুয়াউয়ে তাদের পণ্য ও সেবা দিচ্ছে।
