মুনাফামিলল ব্ল্যাকবেরির
অবশেষে মুনাফার দেখা পেয়েছে স্মার্টফোন নির্মাতা ব্ল্যাকবেরি। শুক্রবার এই ‘সারপ্রাইজ’ মুনাফার খবর জানানোর পর শেয়ার বাজারে কানাডিয়ান এই প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়েছে ৫.১ শতাংশ।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, আর্থিক বছরের শেষ প্রান্তিকে ব্ল্যাকবেরির ‘অপ্রত্যাশিত’ মুনাফার পেছনে মূল ভূমিকা রেখেছে প্রতিষ্ঠানটির সফটওয়্যার নির্মাণ বিভাগ।
২৮ ফেব্রুয়ারিতে শেষ হওয়া প্রান্তিকে ২ কোটি ৮০ লাখ ডলার নেট মুনাফা অর্জন করেছে ব্ল্যাকবেরি। ঠিক এক বছর আগে প্রতিষ্ঠানটির নেট ক্ষতির পরিমাণ ছিল ১৪ কোটি ৮০ লাখ ডলার।
কিউএনএক্স অপারেটিং সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন সফটওয়্যারকেন্দ্রিক পণ্য ও সেবা থেকে মুনাফা ও আয় নিয়ে খুশি প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীরা। “আমাদের আর্থিক স্থিতিশীলতা আর প্রশ্নবিদ্ধ নয়। আমরা এখন আয়ের হার স্থিতিশীল করার দিকেই মনোযোগ দিচ্ছি।”--রয়টার্সকে বলেন ব্ল্যকবেরি সিইও জন চেন।
ব্ল্যাকবেরির ছোট কিন্তু শক্তিশালী সফটওয়্যার নির্মাণ বিভাগের পণ্যগুলোর দিকে নতুন গ্রাহক ও ক্রেতাদের আকৃষ্ট করতে চেষ্টা করছেন চেন। স্মার্টফোন বাজারের আধিপত্য হারালেও সফটওয়্যান নির্মাণ বিভাগের উপর ভর করে আবারও শক্ত অবস্থানে ফিরতে চাইছে ব্ল্যাকবেরি।
