২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহানুভূতিশীল ইন্টারনেট চান মনিকা লিউয়েনস্কি

আরও সহানুভূতিশীল ইন্টারনেটের প্রয়োজনের কথা জানালেন হোয়াইট হাউসে সাবেক ইন্টার্নি মনিকা লিউয়েনস্কি। সম্প্রতি আয়োজিত টেড সম্মেলনে তিনি সাইবার বুলিয়িং বিষয়ে বক্তব্য রাখেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2015, 11:35 AM

Updated : 22 Aug 2022, 11:57 AM

১৯৯৮ সালে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে প্রণয়ে জড়িয়ে বিশ্বব্যাপি সংবাদপত্রের শিরোনাম হন লিউয়েনস্কি।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নিজেকে প্রথমদিকের সাইবার বুলির শিকারদের একজন দাবি করে ৪০ বছর বয়সী লিউয়েনস্কি বলেন, “২২ বছর বয়সে আমি আমার বসের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ি এবং ২৪ বছর বয়সে এসে তার ভয়াবহ পরিণতি উপলব্ধি করি”। ইন্টারনেট তার ব্যক্তিগত সে অপমানকে আরও বাজে পরিস্থতির দিকে নিয়ে যায় বলেই জানান তিনি। লিউয়েনস্কি আরও জানান, ওই ঘটনাটি যখন প্রকাশিত হয়, তখন তা অনলাইনের মাধ্যমেও ছড়িয়ে পড়ে এবং তিনি তার সম্মান, মর্যাদা হারান। সেসময় তাকে বিভিন্ন অপমানসূচক কথা শুনতে হয়েছিল। ১৭ বছর আগে এসবের কোনো নির্দিষ্ট কোনো নাম না থাকলেও এখন আছে— আর তা হচ্ছে ‘সাইবার বুলিয়িং’। সাইবার বুলিয়িং সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন এমন একজন ব্যক্তির ঘটনাও তুলে ধরেন তিনি বক্তব্যে।

বক্তব্য শেষ হলে উপস্থিত দর্শকরা মনিকা লিউয়েনস্কিকে দাঁড়িয়ে সম্মান জানান।

নিজ বক্তব্যে লিউয়েনস্কি সাইবার বুলিংয়ের মাধ্যমে অর্থ উপার্জনের বিষয়টিও তিনি তুলে ধরেন। এ প্রসঙ্গে তিনি জানান, বিষয়বস্তু যত বেশি অপমানজনক, তত বেশি ক্লিক, আর যতো বেশি ক্লিক ততো বেশি অর্থ। এভাবে ভুক্তভোগীদের মাধ্যমে অর্থ উপার্জন চলছে।

তিনি জানান, এখন সময় এসেছে তার নিজ অতীতকে পেছনে ফেলে অন্যান্যদের জানানোর যে তারা সাইবার বুলিয়িংয়ের হাত থেকে বাঁচতে পারেন। এরপর সাইবার বুলিয়িং কী ও এ বিষয়ে কী করণীয় তা জানান তিনি।

মোবাইল ফোনের মাধ্যমে ভীতিকর ও রুঢ় বার্তা বা অপ্রীতিকর ছবি পাঠানো, অনলাইন মেসেজ বোর্ড বা চ্যাটরুম বা সামাজিক মাধ্যমে নিষ্ঠুর মেসেজ পোস্ট করা এবং গ্রুপে বা সামাজিক মাধ্যমে ভুক্তভোগীর নাম মুছে দেওয়া ও মেসেজ উপেক্ষা করা ইত্যাদি সাইবার বুলিয়িং হিসেবে পরিচিত।

সাইবার বুলিয়িংয়ের শিকার হলে, যা করণীয় তা হল-

১. কোনো প্রাপ্তবয়স্ককে জানানো, হতে পারে তিনি পরিবারের সদস্য, শিক্ষক অথবা বিশ্বস্ত অন্য কোনো ব্যক্তি।

২. এই ধরনের মেসেজের প্রতিউত্তর না দিয়ে তা প্রমাণ হিসেবে সেইভ করে রাখা।

৩. নিজস্ব ও বন্ধুবান্ধবদের ব্যক্তিগত তথ্য প্রকাশ না করা।

৪. অনলাইনে কী লেখা ও পোস্ট করা হচ্ছে সে বিষয়ে সচেতন থাকা।

৫. লাইক এবং শেয়ার দিয়ে এ ধরনের সমস্যায় নিজেকে না জড়ানো এবং সবকিছু বিশ্বাস করে কষ্ট না পেয়ে নিজেকে ভালোভাবে জানার চেষ্টা করা।