২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কনটাক্ট লেন্সেই টেলিস্কোপ!

স্মার্ট কনটাক্ট লেন্স তৈরি করছেন বিজ্ঞানীরা। লেন্সটিতে বেশ কিছু ক্ষুদ্র আয়না আর ফিল্টার স্থাপন করে মানুষের দৃষ্টিশক্তি প্রায় তিনগুণ পর্যন্ত বৃদ্ধি করা যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2015, 04:53 PM

Updated : 22 Aug 2022, 11:56 AM

এক প্রতিবেদনে বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে, অভিনব এই লেন্সটি মানুষের বার্ধক্যজনিত দৃষ্টি জটিলতা ‘এএমডি’ মোকাবেলায় কাজ করবে বলে আশা করা হচ্ছে।

১.৫৫ মিলিমিটার পুরু ওই লেন্সের অভ্যন্তরে আয়না ও ফিল্টারের সাহায্যে সরু প্রতিফলক টেলিস্কোপ তৈরি করা হয়েছে। ফলে চোখে আলো পৌঁছনোমাত্র এই লেন্সের সাহায্যে ব্যবহারকারী তার আশপাশের বস্তু বা ব্যক্তিকে স্পষ্ট দেখতে পাবেন।

বর্তমান বিশ্বে এএমডি-কে দৃষ্টিশক্তি হারানোর তিন নম্বর প্রধান কারণ হিসেবে ধরা হয়। এ প্রসঙ্গে সুইজারল্যান্ডের ইপিএফএল-এর গবেষণা বিজ্ঞানী এরিক ট্রেম্বলে জানিয়েছেন, “এএমডি দৃষ্টিশক্তির এক গুরুতর সমস্যা, ‘ম্যাগনিফিকেশন’ যার প্রমাণিত সমাধান।    

স্মার্ট লেন্সটির অপটিকাল ডিজাইনের নেতৃত্বও দিয়েছেন ট্রেম্বলে। বর্তমানে কিছু সংখ্যক এএমডি আক্রান্ত রোগীদের জন্য ব্যবহৃত চিকিৎসা পদ্ধতি ‘ইমপ্ল্যান্টেবল টেলিস্কোপ’-এর ডিজাইনের ভিত্তিতে অপটিকাল ডিজাইনটি করা হয়েছে বলে জানিয়েছে সিএনএন। ইমপ্ল্যান্টেবল টেলিস্কোপ পদ্ধতিতে একজন রোগীকে অস্ত্রোপাচারের মধ্য দিয়ে যেতে হয়। আর সেজন্যই ট্রেম্বলে বলেছেন, “কনটাক্ট লেন্সের মাধ্যমে পদ্ধতিটি পরীক্ষা করা সহজ।”