২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাইরেসি ঠেকাতে ফ্রি উইন্ডোজ!

চীনের বাজারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম পাইরেসির দৌরাত্ব ঠেকাতে চমকপ্রদ এক সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। কম্পিউটারের অপারেটিং সিস্টেমটি লাইসেন্সড হোক বা পাইরেটেড, উইন্ডোজের যেকোনো সংস্করণের চীনা ব্যবহারকারীরা উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে আপগ্রেড করতে পারবেন বিনা খরচে।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 05:55 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, সাম্প্রতিক এক গবেষণা অনুযায়ী চীনের তিন-চতুর্থাংশ কম্পিউটারের উইন্ডোজ অপারেটিং সিস্টেম সঠিকভাবে লাইসেন্সকৃত নয়। এমন পরিস্থিতি যতো বেশি সংখ্যক পিসিতে উইন্ডোজের আসল সংস্করণের ব্যবহার নিশ্চিত করতে সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

সংবাদমাধ্যমটিকে দেওয়া এক টেলিফোন ইন্টারভিউতে মাইক্রোসফট চীনের ব্যবহারকারীদের সঙ্গে ‘যোগাযোগ’ বাড়াতে চাইছে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির অপারেটিং সিস্টেম বিভাগের প্রধান টেরি মেয়ারসন।

“আসল-নকল কোনো বিভেদ না করে আমরা আপগ্রেড করা সম্ভব এমন সব পিসি উইন্ডোজ ১০-এ আপগ্রেড করবো।”--বলে ম্যায়ারসন।

মেয়ারসনের বক্তব্য অনুযায়ী, চলতি গ্রীষ্মেই বিশ্বব্যাপী উইন্ডোজ ১০ বাজারজাত করবে মাইক্রোসফট। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণটির বাজারজাতকরণ নিয়ে এই প্রথম নির্দিষ্ট সময়ের কথা জানিয়েছেন মাইক্রোসফটের কোনো শীর্ষ কর্তা।