অবৈধ হবে ‘নিজে’ গাড়ি চালানো!
রক্ত-মাংসের মানুষের নিজ গাড়ি চালানোর দিন ফুরিয়ে আসছে-- মন্তব্য করেছেন টেসলা মটোরস সিইও ইলোন মাস্ক। তার মতে সেন্সর ও সফটওয়্যার প্রযুক্তির উন্নয়নের ফলে গাড়ির কম্পিউটার ড্রাইভারের চাইতে ভাল ও নিরাপদ চালক হয়ে উঠবে, অদূর ভবিষ্যতে অবৈধ ঘোষণা করা হতে পারে নিজ হাতে গাড়ি চালানো।
ম্যাশএবলের প্রতিবেদন অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার স্যান হোসেতে কম্পিউটার চিপ নির্মাতা এনভিডিয়া আয়োজিত জিপিইউ টেকনোলজি কনফারেন্সে এই মন্তব্য করেন মাস্ক।
ভবিষ্যতে নিজ হাতে গাড়ি চালানো বেআইনী ঘোষণা করা হতে পারে বলে ধারণা করছেন তিনি। তবে মাস্কের মতে, সেলফ ড্রাইভিং গাড়ির সফটওয়্যার ও হার্ডওয়্যারকে নীতি-নির্ধারকদের চাহিদা অনুযায়ী নির্ভরযোগ্য করে তোলাই সবচেয়ে বড় বিষয়।
মাস্কের মতে, “নির্ভরযোগ্যতা এবং নিরাপত্তাই এক্ষেত্রে মূল বিষয়। যেহেতু সেলফ ড্রাইভিং গাড়িগুলোর সিস্টেম হ্যাক হওয়ার আশঙ্কা আছে, তাই স্টিয়ারিং হুইল, ব্রেকিং সিস্টেমের মতো গুরুত্বপূর্ণ সিস্টেমগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনে যে কোনো সময় গাড়ির নিয়ন্ত্রণ চালকের হাতে নেওয়ার ব্যবস্থা থাকতে হবে।”
মাস্কের মতে বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত টেসলা মটোরসই হবে ভবিষ্যতের সেলফ ড্রাইভিং গাড়ির পথ প্রদর্শক। তবে এই বাজারে টেসলার সঙ্গে পাল্লা দিতে আছে আউডি, বিএমডব্লিউ, এমনকি গুগল ও অ্যাপলও।
