জবসকে যকৃত দিতে চেয়েছিলেন কুক
মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের প্রয়াত সহ-প্রতিষ্ঠাতা ও তৎকালীন প্রধান নির্বাহী স্টিভ জবসকে সুস্থ্য করে তুলতে স্বেচ্ছায় নিজ যকৃতের অংশবিশেষ দান করতে চেয়েছিলেন সে সময়ে প্রতিষ্ঠানটির ‘সেকেন্ড ইন কমান্ড’ এবং বর্তমান প্রধান নির্বাহী টিম কুক।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ‘বিকামিং স্টিভ জবস’-এর অনলাইনে প্রকাশিত উদ্ধৃতাংশ থেকে জানা গেছে এই তথ্য। চলতি মাসেই প্রকাশিত হবে বইটি।
বইটির অনলাইন উদ্ধৃতাংশের তথ্য অনুসারে, কুকের ওই প্রস্তাব রাগের সঙ্গেই ফিরিয়ে দিয়েছিলেন জবস। কুকের ভাষ্যমতে, অ্যাপলে ১৩ বছরের কর্মজীবনে জবস খুব বেশি হলে চার থেকে পাঁচ বার রেগে কথা বলেছিলেন তার সঙ্গে এবং এটি ছিল সে মূহূর্তগুলোর একটি।
জবস এ প্রস্তাবের প্রতি উত্তরে জানিয়েছিলেন, কুককে তিনি কখনো এ কাজ করতে দেবেন না এবং নিজেও করবেন না।
যকৃতের ক্যান্সারে ভুগছেন বলে ২০০৪ সালে নিশ্চিত করেছিলেন অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস। ২০০৯ সাল নাগাদ বেশি অসুস্থ হয়ে পড়েন তিনি। নিজ বাড়িতে বিশ্রামের পাশাপাশি যকৃত প্রতিস্থাপনের অপেক্ষায় ছিলেন জবস।
কুক সেসময় নিয়মিত জবসের সঙ্গে দেখা করতেন। জবসের অসুস্থতা দেখে নিজ রক্ত পরীক্ষা করান কুক এবং জানতে পারেন জবসের মতো তার রক্তের গ্রুপও দুর্লভ। পরবর্তীতে কুক ধারবাহিক কিছু পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হন, জবসের শরীরে তার নিজের যকৃতের অংশবিশেষ প্রতিস্থাপন সম্ভব। জবসকে এই বিষয়ে জানানোর পর রাগান্বিতভাবে প্রস্তাবটি ফিরিয়ে দেন তিনি।
পরবর্তীতে ২০০৯-এর মার্চে জবস নিজ যকৃত প্রতিস্থাপন করান। ২০১১ সালের অগাস্টে স্বাস্থ্যগত কারণে অ্যাপলের প্রধান নির্বাহী পদ থেকে সরে আসেন জবস। ওই বছরের অক্টোবর মাসেই ৫৬ বছর বয়সে মারা যান তিনি।
