২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ বছরে ‘ডটকম’

বহুল ব্যবহৃত ইন্টারনেট ডোমেইন ‘ডটকম’-এর ৩০ বছর পূর্ণ হলো রোববার। ১৯৮৫ সালের ১৫ মার্চ ‘সিম্বোলিকস ডটকম’ নিবন্ধনের মাধ্যমে জন্ম হয় বহুল ব্যবহৃত এ ডোমেইনটির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2015, 05:55 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

এক প্রতিবেদনে বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে, শুরুতেই এতটা জনপ্রিয়তা পায়নি ডটকম। ১৯৮৫ সালে সিম্বোলিকস বাদে মাত্র পাঁচটি নাম এই ডোমেইনের অধীনে নিবন্ধিত হয়েছিল।

বহুল পরিচিত এই ডোমেইনে নিবন্ধিত নামের সংখ্যা একশ’ হতে সময় লেগেছিল বছর দুয়েক। ডটকমের বর্তমান পরিচালনা সংস্থা ভেরিসাইনের তথ্য অনুসারে, ১৯৯৫ ও ২০০০ সালের মধ্যবর্তী সময়ে ডটকম ডোমেইনের অধীনে নাম নিবন্ধন বাড়তে শুরু করে। সেসময়ে ডটকম ডোমেইনে দুই কোটিরও বেশি নাম নিবন্ধিত হয়েছিল।

বর্তমানে ডটকম ডোমেইনে গড়ে প্রতি সেকেন্ডে একটি করে নতুন নাম নিবন্ধিত হয় বলেই জানিয়েছে ভেরিসাইন। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, অন্যান্য অনেক ডোমেইন থাকা স্বত্ত্বেও বিগত ত্রিশ বছরে অসংখ্য সফল অনলাইন উদ্যোক্তা ও কাজের ক্ষেত্র সৃষ্টির মাধ্যমে মার্কিন ও বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ডটকম।