২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বর্ণবাদ’ আসছে আইওএস ৮.৩-তে!

না, বর্ণবাদ বলতে জাতিগত পরিচয়ভেদে যে সঙ্কীর্ণ দৃষ্টিভঙ্গির কথা মাথায় আসে, ঠিক তা আনছে না অ্যাপল। বরং, গাত্রবর্ণভেদে বিভিন্ন রঙের ইমোজি দিয়ে অনুভূতি প্রকাশের সুযোগ থাকছে প্রতিষ্ঠানটির মোবাইল ওএস-এর নতুন আপডেটে।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2015, 05:52 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

সম্প্রতি আইওএস ৮.৩ অপারেটিং সিস্টেমের বেটা সংস্করণ উন্মুক্ত করেছে অ্যাপল। ওএসএক্স ইয়োসেমিটির বেটা সংস্করণের মতো সবার জন্য উন্মুক্ত নয় আইওএস ৮.৩ বেটা। ‘অ্যাপল বেটা সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এ নিবন্ধিত ডেভেলপারদের মধ্যে থেকে নির্বাচিতদের আইওএস ৮.৩ বেটা পরখ করে দেখার জন্য ‘আনুষ্ঠানিক আমন্ত্রণ’ জানাচ্ছে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।    

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, আইওএস ৮.৩ বেটায় বিভিন্ন আপডেটের সঙ্গে যুক্ত হয়েছে আলোচিত ‘বর্ণবৈচিত্র সমৃদ্ধ’ ইমোজি আপডেট।

এ মূহুর্তে চাইলেই যে কেউ নতুন এই আপডেট ব্যবহার করতে পারবেন না। যে সব ডেভেলপার আগেই অ্যাপল বেটা সফটওয়্যার প্রোগ্রামে রেজিস্ট্রেশন করেছেন, তাদের মধ্যে বাছাইকৃত সদস্যদের এই বেটা ভার্সন যাচাই করতে ই-মেইলে আমন্ত্রণ পাঠিয়েছে অ্যাপল।

বেটা সংস্করণ নিয়ে ওই বাছাইকৃত ডেভেলপারদের প্রতিক্রিয়ার ভিত্তিতে সফটওয়্যারটি আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে নির্মাতা প্রতিষ্ঠান।

সাধারণ ব্যবহারকারীদের জন্য বাজারে আইওএস ৮.২ উন্মুক্ত করার কয়েক দিনের মাথায় আইওএস ৮.৩ বেটা সংস্করণ নিয়ে অ্যাপ নির্মাতাদের সঙ্গে কাজ শুরু করেছে অ্যাপল।

আইওএস ৮.৩-এর মূল সংস্করণ খুব শিগগিরই বাজারে আসছে না বলে মন্তব্য করেছে ম্যাশএবল। নতুন এই বেটা ভার্সনে ইমোজি আপডেটকেই মূল আকর্ষণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ওই প্রতিবেদনে।